আগামীর সময়

চট্টগ্রামে বাস-মোটরসাইকেল মুখোমুখি, ৩ কিশোর নিহত

চট্টগ্রামে বাস-মোটরসাইকেল মুখোমুখি, ৩ কিশোর নিহত

সংগৃহীত ছবি

বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে চট্টগ্রামের ফটিকছড়িতে। এ ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ অন্তত ২০ জন।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পেলাগাজি দীঘি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, যোগেজ উড়াংয়ের ছেলে উত্তম উড়াং (১৭), রাম উড়াংয়ের ছেলে নয়ন উড়াং (১৭) এবং তপন উড়াংয়ের ছেলে তপু উড়াং (১৭)। সকলেই উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল গ্রামের বাসিন্দা।

ছেলের মৃত্যু শোকে কাতর উত্তম উড়াংয়ের বাবা যোগেজ উড়াং। ‘লেখাপড়ার পাশাপাশি স্কুল–কলেজ বন্ধ থাকায় তারা রাজমিস্ত্রির যোগালি হিসেবে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে আজ তারা লাশ হয়ে ফিরল।’

দুর্ঘটনাকবলিত বাসটি মানিকছড়ি থেকে একটি সামাজিক অনুষ্ঠান শেষে চট্টগ্রামের বোয়ালখালীর উদ্দেশ্যে ফিরছিল বলে জানান একজন প্রত্যক্ষদর্শী।

এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল আরোহীরা রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকেন।

পরে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাবুদ্দিন। এর মধ্যে হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী জানান, এ দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১৭ জনের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

    শেয়ার করুন: