জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু

ছবিঃ আগামীর সময়
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমরান মাজহারী রাজু (৩০) নামে এক মসজিদের ইমামের মৃত্যুর ঘটনা ঘটেছে।
রবিবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর নাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান মাজহারী রাজু ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি পশ্চিম সুখনগরী সিরাজ তালুকদার জামে মসজিদের ইমাম ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, রাতে নিজ জমিতে বাবার সঙ্গে সেচ দিতে যান ইমাম রাজু। এ সময় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেছেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

