জেল থেকে বের হয়ে ইজিবাইক থেকে পড়ে মৃত্যু

প্রতীকী ছবি
নাটোরে জেল থেকে বের হওয়ার একদিন পর ইজিবাইক থেকে পড়ে গিয়ে সোহেল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে শহরের মাদরাসা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। মারা যাওয়া সোহেল হোসেন নাটোর শহরের হাজরা নাটোর এলাকার ইব্রাহিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মামলায় ১৫ দিন কারাবন্দি শেষে বুধবার নাটোর কারাগার থেকে মুক্তি পায় সোহেল। এরপর হঠাৎ পেট ব্যথা ও বমি শুরু হলে হাসপাতালে যাওয়ার জন্য ইজিবাইকে ওঠেন। পথে হঠাৎ ইজিবাইক থেকে পড়ে মাথায় আঘাত পান তিনি। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলছেন, ইজিবাইক থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে। তিনি একদিন আগেই জেল থেকে মুক্তি পেয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

