খাগড়াছড়ির সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার

সংগৃহীত ছবি
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রফিকুল আলমকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় রাজধানীর ভাটারা থানার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
রফিকুল আলমের বিরুদ্ধে খাগড়াছড়ির বিভিন্ন থানায় ৪৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ৫ আগস্ট পরবর্তীতে তিনি চট্টগ্রাম ও ঢাকায় অবস্থান করছিলেন।
খাগড়াছড়ি পুলিশ সুপার মামলার বিষয়ে নিশ্চিত করে বলেন, ভাটারা থানা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তাঁকে গ্রেপ্তার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে খাগড়াছড়িতে আনা হবে।
রফিকুল আলম দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র ছিলেন। ২০২১ সালের জানুয়ারিতে তিনি আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে (স্বতন্ত্র, মোবাইল ফোন প্রতীক) নির্বাচন করে পরাজিত হন। এর আগে ২০১১ থেকে টানা দুই মেয়াদে তিনি মেয়র ছিলেন।

