ব্যবসায়ীর বাড়িতে ৫৮ ব্যারেল তেল, জরিমানা লাখ টাকা

ছবিঃ আগামীর সময়
নাটোরের সিংড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় সাড়ে ১১ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। অবৈধ মজুদের দায়ে জরিমানা করা হয়েছে এক লাখ টাকা।
সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর গ্রামে তেলের অবৈধ মজুদ খুঁজতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। গোপন তথ্যে ব্যবসায়ী আলতাফ শেখের বাড়ি তল্লাশি করে ৪৯ ব্যারেল ডিজেল, ২ ব্যারেল পেট্রল, ৫ ব্যারেল অকটেন ও ২ ব্যারেল মবিল উদ্ধার করা হয়।
আলতাফকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায় দুই মাসের জেল দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
অবৈধভাবে তেল মজুদ করা ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে। তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

