আগামীর সময়

মাদারীপুরে নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

মাদারীপুরে নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রতীকী ছবি

মাদারীপুরের শিবচর উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে শেখ জায়েদ হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে ক্ষুব্ধ জনতা তাকে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

বুধবার (২৫ মার্চ) সকালে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাত এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোয়ালকান্দা গ্রামের বাসিন্দা শেখ ওমর ফারুকের ছেলে শেখ জায়েদ হোসেন একই এলাকার মনির বেপারীর একটি পরিত্যক্ত বাড়ির ছাদে ওই মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ করে। ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা তাকে হাতেনাতে আটক করে।

পরে উত্তেজিত জনতা অভিযুক্তকে পিটুনি দেয় এবং শিবচর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শিবচর থানার ওসি আমির হোসেন সেরনিয়াবাত বলেছেন, ‘ ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

‘ভারসাম্যহীন নারীটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন’-জানালেন ওসি।

    শেয়ার করুন: