পে স্কেল নিয়ে সুখবর দিলেন জোনায়েদ সাকি

সংগৃহীত ছবি
পে-স্কেল নিয়ে আলোচনা, কর্মসূচির মধ্যেই স্বস্তির খবর শোনালেন অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। জানালেন, সরকারের নতুন পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রীর কণ্ঠে শোনা গেল, আশ্বাসের বাণী, ‘বাস্তবায়ন হবে। কর্মচারীরা পে স্কেল পাবেন। কিন্তু নতুন এই বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগবে’ মঙ্গলবার সচিবালয়ে কর্মচারী নেতাদের সঙ্গে এক সাক্ষাৎকালে এমনটাই বললেন প্রতিমন্ত্রী।
সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ-সচিব মো. আব্দুল খালেক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নানসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা, সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এম এ হান্নান জানালেন, প্রতিমন্ত্রী তাদের দাবি গুরুত্বের সঙ্গে শুনেছেন এবং তা বাস্তবায়নের বিষয়ে আশ্বস্ত করেছেন। ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই আপনারা ধীরে ধীরে পে স্কেল পাবেন। তবে এখনই সব বাস্তবায়ন সম্ভব নয়, কিছু সময় লাগবে। আপনারা ধৈর্য ধরুন।’ প্রতিমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে বলছেন হান্নান।
পে স্কেল বাস্তবায়নের কোনো নির্দিষ্ট সময়সীমা এই বৈঠকে উল্লেখ করেননি প্রতিমন্ত্রী। গত বছরের ২৭ জুলাই তৎকালীন অন্তর্বর্তী সরকার একটি পে কমিশন গঠন করে। কমিশনটি চলতি বছরের ২১ জানুয়ারি তাদের সুপারিশ জমা দেয়, যা বর্তমানে সরকারের বিবেচনাধীন রয়েছে।

