অস্বস্তিকর প্রশ্নে মেজাজ হারাননি ইমরান খান

ইমরান খান
২০০৮ সালের ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার সেই চকোলেট বয় ইমরান খানের কথা মনে আছে? ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় হুট করেই বলিউড থেকে গায়েব হয়ে গিয়েছিলেন তিনি। দীর্ঘ ১১ বছর পর আবারও পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা। আর এরই মাঝে ইন্টারনেটে ভক্তদের মুখোমুখি হয়ে এক মজার অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে ভক্তদের সাথে আড্ডা দিচ্ছিলেন ইমরান। সেখানে এক ভক্ত তাকে সরাসরি প্রশ্ন করে বসেন ‘ভাই, দিনকাল কেমন যাচ্ছে? লোকে আপনাকে বেকার বলে খোটা দেয় না তো? দিলে তাদের কীভাবে সামলান?’ এমন অস্বস্তিকর প্রশ্নেও মেজাজ হারাননি আমির খানের ভাগ্নে ইমরান। বরং হেসেই উত্তর দিলেন, ‘সব ঠিক আছে ভাই। আসলে এমন লোকেদের আর কী ই বা বলার আছে?’ সাথে একটি মজার ছবি জুড়ে দিয়ে বুঝিয়ে দিলেন, মানুষের কথায় কান দেওয়ার সময় তার নেই।
দীর্ঘ বিরতিতে সংসার চলত কীভাবে? এমন প্রশ্নের উত্তরে ইমরান খুব সহজভাবে জানান, তিনি জমানো টাকা খুব বুঝে শুনে বিনিয়োগ করেছেন এবং বেশ সাদামাটা জীবনযাপন করেন। বড় পর্দায় ফেরার আগে কেন এত বছর দূরে ছিলেন, তা নিয়ে ইমরান বলেন, ‘আমি আসলে হারিয়ে যাচ্ছিলাম। অভিনেতা পরিচয়ের বাইরে মানুষ হিসেবে আমি কে, সেটা জানার খুব দরকার ছিল। এখন আমি মানসিকভাবে অনেক বেশি শান্তিতে আছি।’
ভক্তদের জন্য সুখবর হলো, খুব শীঘ্রই নেটফ্লিক্সের নতুন সিনেমা ‘অধুরে হাম অধুরে তুম’ এর মাধ্যমে আবারও মূল চরিত্রে ফিরছেন ইমরান খান। প্রিয় নায়কের এই কামব্যাক নিয়ে ভক্তদের মধ্যে এখন দারুণ উন্মাদনা।
সূত্রঃ নিউজ ১৮

