অপয়া বলে ছুড়ে ফেলা হয়েছিল দিয়া মির্জাকে

দিয়া মির্জা
বলিউডের সব থেকে মিষ্টি হাসির নায়িকা বলা হয় তাকে। অথচ ক্যারিয়ারের একসময় এই দিয়া মির্জাকেই শুনতে হয়েছিল অপয়া হওয়ার অপবাদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই কঠিন দিনগুলোর কথা মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেত্রী।
দিয়া জানান, তার প্রথম সিনেমা ‘রেনা হ্যায় তেরে দিল মেঁ’ এখন সবার প্রিয় হলেও মুক্তির সময় সেটি ব্যবসায়িক সাফল্য পায়নি। এরপর একের পর এক ফ্লপ সিনেমার কারণে বলিউড তাকে প্রায় একঘরে করে দিয়েছিল। একসময় যারা দিয়াকে সই করানোর জন্য মুখিয়ে থাকতেন, ফ্লপ তকমা লাগার পর তারাই মুখ ফিরিয়ে নেন।
মুম্বাইয়ের সেই কঠিন সময়ে দিয়ার জন্য দেবদূত হয়ে আসেন পরিচালক রাজকুমার হিরানি। দিয়া নিজেই তাকে ফোন করে কাজের জন্য অনুরোধ করেন। অভিনেত্রী জানান, ‘আমি তাকে বলেছিলাম আমার কোনো কাজ নেই, কেউ আমাকে সুযোগ দিচ্ছে না। দয়া করে আমাকে একটি কাজ দিন।’ সেই অনুরোধেই রণবীর কাপুরের বিপরীতে ‘সাঞ্জু’ সিনেমায় মান্যতার চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
২০২৬ সালে দিয়া মির্জা ফিরছেন ধামাকা নিয়ে। সানি দেওল, অক্ষয় খান্না ও নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো বড় তারকাদের সঙ্গে এ বছর তার একাধিক সিনেমা ও সিরিজ মুক্তি পেতে যাচ্ছে। সেই সঙ্গে লেখিকা হিসেবেও নতুন এক দিয়াকে দেখবে বিশ্ব।
সূত্র : নিউজ ১৮

