বলিউডের নেপোটিজম নিয়ে বিস্ফোরক কৃতী শ্যানন

কৃতী শ্যানন
বলিউডে আউটসাইডার হয়ে টিকে থাকা কতটা কঠিন, তা আরও একবার মনে করিয়ে দিলেন অভিনেত্রী কৃতী শ্যানন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেছেন ইন্ডাস্ট্রির সব থেকে বিতর্কিত বিষয় নেপোটিজম বা স্বজনপ্রীতি নিয়ে।
কৃতী অকপটে স্বীকার করেছেন যে, তার ক্যারিয়ারে এমন অনেক সময় এসেছে যখন কোনো সিনেমায় তাকে চূড়ান্ত করার পরও শেষ মুহূর্তে সরিয়ে কোনো স্টার কিডকে নেওয়া হয়েছে।
টাইমস নাউ সামিট ২০২৬-এ অংশ নিয়ে কৃতী বলেছেন, ‘হ্যাঁ, অনেকবার আমাকে কাজ থেকে সরিয়ে অন্য কাউকে নেওয়া হয়েছে। কখনো তারা স্টার কিড ছিল, কখনো আবার অন্য কেউ। এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই।’ তবে নেপোটিজম নিয়ে বাড়তি অভিযোগ নেই তার। কৃতীর মতে, স্বজনপ্রীতি কেবল সিনেমাতেই নয়, সব পেশাতেই আছে।
তিনি আরও যোগ করেন, ‘ভবিষ্যতে আমার সন্তান যদি অভিনয় করতে চায়, তবে সে-ও তো আমার পরিচয়ে সহজে সুযোগ পাবে। কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগিয়ে টিকে থাকাটাই আসল চ্যালেঞ্জ। বলিউড আপনাকে ২-৩টি সিনেমা খুব সহজে দিতে পারে, কিন্তু দর্শকরা যদি আপনাকে পছন্দ না করে, তবে আপনি কখনোই বড় তারকা হতে পারবেন না।’
কোনো গডফাদার ছাড়া বলিউডে পা রাখা এই অভিনেত্রী মনে করেন, প্রতিভাই শেষ কথা। যারা বাইরে থেকে আসেন, তাদের জন্য পথটা কিছুটা দীর্ঘ হলেও পরিশ্রম করলে সাফল্য আসবেই।
সূত্র : নিউজ ১৮

