‘সময় পেলে ভালো কিছু হতো’, ব্যর্থতা নিয়ে যা বললেন শাকিব খান

সংবাদ সম্মেলনে শাকিব খান, জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ঈদের সিনেমা ‘প্রিন্স’ ঘিরে দর্শক ও ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা থাকলেও শেষ পর্যন্ত তা প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। টেকনিক্যাল জটিলতা আর দুর্বল নির্মাণের কারণে ঈদের বাজারে সিনেমাটি শুরুতেই মুখ থুবড়ে পড়ে। মুক্তির ১০ দিন পর গত ৩১ মার্চ রাতে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এই ব্যর্থতার জন্য পর্যাপ্ত সময়ের অভাব ও প্রতিকূল পরিস্থিতিকে দায়ী করেছেন খোদ শাকিব খান।
সংবাদ সম্মেলনে শাকিব খান অকপটে স্বীকার করেন, সিনেমাটির চূড়ান্ত ফলাফল তাঁকে হতাশ করেছে। তিনি বললেন, ‘‘আমি যখন ‘প্রিন্স’ সিনেমার গল্প শুনি, তখন মনে হয়েছিল এটি আমার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হতে যাচ্ছে। কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সেই মান ধরে রাখতে পারিনি। এজন্য নির্মাতা ও টিমের পক্ষ থেকে আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আমার পরবর্তী কাজগুলোতে এই ত্রুটিগুলো সংশোধনের চেষ্টা করব।’’
ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই অভিনেতা জানান, প্রশাসনিক জটিলতায় তিন মাস ভারতে শুটিংয়ের অনুমতি না পাওয়া এবং শুটিং সেট বারবার স্থানান্তরের কারণে তাদের অনেক সময় নষ্ট হয়েছে। এমনকি ঈদের আগের দিন পর্যন্ত শুটিং চালিয়ে যেতে হয়েছে তাদের। জনপ্রিয় এই অভিনেতা বলেছেন, ‘এবারই প্রথম কোনো সিনেমার শুটিং ঈদের আগের দিন পর্যন্ত করেছি। তাসনিয়া ফারিণের সঙ্গে আইটেম গান ও পরী গানের শুটিং তাড়াহুড়ো করে শেষ করতে হয়েছে। হায়াত মাহমুদ মেধাবী নির্মাতা হওয়া সত্ত্বেও উপযুক্ত সময় না পাওয়ায় আমরা ভালো কিছু দিতে পারিনি।’
শুটিংয়ের প্রতিকূলতার পাশাপাশি প্রযুক্তিগত সমস্যার কারণেও সিনেমাটি ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছে বলে জানান শাকিব। মুক্তির প্রথম পাঁচ দিন মাল্টিপ্লেক্সগুলোতে কারিগরি ত্রুটির কারণে সিনেমাটি প্রদর্শিত হতে পারেনি, যা বেশ বড় প্রভাব ফেলেছে।
সিনেমা প্রসঙ্গের বাইরে নতুন সরকারের প্রতি দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান শাকিব খান। তিনি বলেন, ‘চলচ্চিত্রকে কেবল নাচ-গানের মাধ্যম ভাবলে চলবে না, এটি সমাজ ও সংস্কৃতি গঠনে বড় ভূমিকা রাখে। তাই আগের সরকারের ভুলগুলো শুধরে এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা প্রয়োজন।’
সংবাদ সম্মেলনে সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ, প্রযোজক শিরিন সুলতানা, অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণসহ সংশ্লিষ্ট কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

