আগামীর সময়

নিজের জীবন নিয়ে জুয়া খেলবেন না : শবনম ফারিয়া

নিজের জীবন নিয়ে জুয়া খেলবেন না : শবনম ফারিয়া

শবনম ফারিয়া

লিবিয়া থেকে অবৈধভাবে ইউরোপের দেশ গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভাসমান নৌকায় থাকা কমপক্ষে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বাংলাদেশের সুনামগঞ্জের ১২ জন রয়েছেন বলে এখন পর্যন্ত খবর পাওয়া গেছে।

এই খবরে ব্যথিত অভিনেত্রী শবনম ফারিয়া। প্রকাশ করেছেন উদ্বেগ। এক ফেসবুক পোস্টে বলছেন, ‘এমন খবর দেখলেই আমার বুকটা ভেঙে যায়। আরো ১৮টা প্রাণ চলে গেল… শুধু একটা ভালো ভবিষ্যতের আশায়, অবৈধভাবে সমুদ্র পাড়ি দিতে গিয়ে।’

নিজের জীবন নিয়ে জুয়া না খেলার আহবান জানিয়েছেন অভিনেত্রী। বলছেন, ‘যতই সরকার চেষ্টা করুক… আমরা যদি নিজেরা সচেতন না হই, তাহলে এই ধরনের ঘটনা বারবার ঘটতেই থাকবে। দয়া করে, শর্টকাটের আশায় নিজের জীবন নিয়ে জুয়া খেলবেন না।’

দেবী অভিনেত্রী সচেতনতা বিষয়ে বললেন, ‘আমরা সবাই জানি এগুলো নতুন কিছু না। অনেকবার এমন ঘটনা ঘটেছে। অসংখ্য মানুষ ইতিমধ্যে ভুক্তভোগী হয়েছে, কত পরিবার ভেঙে গেছে। মানুষকে সচেতন করতে খবর হয়েছে, ক্যাম্পেইন হয়েছে, এমনকি নাটকও বানানো হয়েছে। তারপরও আমরা কেন বুঝতে পারছি না?’

যারা এই ধরনের ঝুঁকি নিচ্ছেন তাদের প্রতি প্রশ্ন রেখে শবনম ফারিয়া বলছেন, ‘নিশ্চিত না হয়েই কীভাবে নিজের সারাজীবনের সঞ্চয় তুলে দেন? কীভাবে নিজের জীবনের সাথে এমন বড় ঝুঁকি নেন? এটা শুধু দুঃখজনক না… ভীষণভাবে উদ্বেগজনক। আমাদের সরকার, বিশেষ করে “প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়” এই বিষয়টা আরও গুরুত্বের সাথে দেখা উচিত এবং অবৈধ চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।’

    শেয়ার করুন: