আগামীর সময়

প্রেমের গুঞ্জনে মুখ খুললেন মালাইকা

প্রেমের গুঞ্জনে মুখ খুললেন মালাইকা

মালাইকা আরোরা

বলিউডের আইটেম গার্ল মালাইকা আরোরাকে নিয়ে চর্চার শেষ নেই। বিশেষ করে তার ব্যক্তিগত জীবন বা কার সঙ্গে প্রেম করছেন তা নিয়ে নেটিজেনদের আগ্রহ তুঙ্গে। কখনো হীরা ব্যবসায়ী হর্ষ মেহতা, আবার কখনো সৌরভ বেদি,  যার সঙ্গেই মালাইকার ছবি দেখা যায় তাকেই তার নতুন প্রেমিক বানিয়ে দেয় সোশ্যাল মিডিয়া। এবার এসব গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ৫২ বছর বয়সী এই লাস্যময়ী অভিনেত্রী।


​সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, তার জীবন নিয়ে মানুষের এসব জল্পনা এখন আর তাকে কষ্ট দেয় না, বরং বিরক্তির উদ্রেক করে। তিনি সেই সাক্ষাৎকারে বলেছেন, ‘এখন এসব শুনে আমার শুধুই হাসি পায়। বিষয়গুলো এখন স্রেফ জোক বা রসিকতায় পরিণত হয়েছে।’ মজার ব্যাপার হলো, মালাইকা একা নন, তার ছেলে আরহান খানও এসব গসিপ বেশ উপভোগ করেন। মালাইকার ভাষায়, ‘মাঝে মাঝে আমি আর আরহান এসব গুজব নিয়ে একসঙ্গে বসে হাসাহাসি করি।’

​আরবাজ খানের সঙ্গে ১৯ বছরের সংসার ভাঙার পর অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন মালাইকা। তবে ২০২৪ সালে সেই সম্পর্কেও ইতি টেনেছেন তারা। এখন কি নতুন কোনো সঙ্গীর খোঁজে আছেন তিনি? এমন প্রশ্নে মালাইকা সাফ জানিয়ে দিলেন, ‘আমি কোনো সঙ্গী খুঁজছি না। জীবন যেভাবে চলছে, আমি তাতেই খুব খুশি। নতুন করে নিজেকে আবিষ্কার করছি। যদি ভবিষ্যতে কখনো কারও সঙ্গে সম্পর্কে জড়াইও, তবে সেটা হবে সম্পূর্ণ আমার নিজের শর্তে।’

​প্রেম বা বিয়ে নিয়ে সমাজের চাপিয়ে দেওয়া নিয়মে তিনি বিশ্বাসী নন, মালাইকা আবারও তা প্রমাণ করলেন। তার মতে, একা থাকাটাও একধরনের স্বাধীনতা, আর তিনি আপাতত সেই স্বাধীনতাটাই উদযাপন করছেন।

সূত্র : নিউজ ১৮

    শেয়ার করুন: