সাংবাদিক হয়ে ফিরছেন টম হ্যাঙ্কস

সংগৃহীত ছবি
হলিউডে আবারও জুটি বাঁধতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস ও নির্মাতা মারিয়েল হেলার। ২০১৯ সালে অস্কার-মনোনীত ‘এ বিউটিফুল ডে ইন দ্য নেবারহুড’ ছবিতে একসঙ্গে কাজ করার প্রায় সাত বছর পর তারা নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটির কাহিনি বেসবল নিয়ে।
নতুন এই সিনেমাটি নির্মিত হবে পুলিৎজার পুরস্কার পাওয়া লেখক ডেভ এগার্সের ছোটগল্প ‘দ্য কামব্যাকার’ অবলম্বনে। ছবির নাম হবে ‘দ্য ফরগেটার্স’। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও থাকবেন টম হ্যাঙ্কস, আর পরিচালনার দায়িত্বে থাকছেন মারিয়েল হেলার। এগার্সের লেখা ছোট গল্প থেকে নির্মিত ‘এ হলোগ্রাম ফর দ্য কিং’ ও ‘দ্য সার্কেল’ সিনেমাতেও অভিনয় করেছিলেন হ্যাঙ্কস।
গল্পটি মূলত একজন ফিকে হয়ে যাওয়া ক্রীড়া সাংবাদিক লিওনেলকে ঘিরে, যার জীবন ও পেশার প্রতি আগ্রহ নতুন করে জাগিয়ে তোলে এক তরুণ পিচার। বেসবল খেলায় পিচারের লক্ষ্য থাকে ব্যাটারকে আউট করা। এই পিচার মাইনর লিগ থেকে উঠে এসে বড় দলে সুযোগ পায়, কিন্তু অতীতে ভয়াবহ এক দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ার পর তার আচরণে আসে অদ্ভুত পরিবর্তন— বিশেষ করে তার কথাবার্তায় এক ধরনের কবিত্ব দেখা যায়। সেই প্রভাব সাংবাদিক লিওনেলের লেখাকেও নতুন প্রাণ দেয় ও সারাদেশের পাঠকের মন জয় করে। আর সাংবাদিক লিওনেল চরিত্রে দেখা যাবে টম হ্যাঙ্কসকে।
মূল গল্পে সান ফ্রান্সিসকো জায়ান্টস দলকে কেন্দ্র করে কাহিনি এগোলেও চলচ্চিত্রে সেটি বদলে নিউ ইয়র্ক মেটসকে ঘিরে গল্প নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।
এদিকে সিনেমাটির স্বত্ব কিনতে একাধিক স্টুডিও আগ্রহ দেখালেও বর্তমানে এগিয়ে রয়েছে সনি পিকচার্স, যারা এর আগে ‘এ বিউটিফুল ডে ইন দ্য নেবারহুড’ মুক্তি দিয়েছিল। ছবিতে থাকছেন গ্রামি অ্যাওয়ার্ড জয়ী সংগীতশিল্পী ব্যাড বান্নি এবং অস্কার-মনোনীত অভিনেতা কলম্যান ডোমিঙ্গোও। যদিও তারা কোন চরিত্রে অভিনয় করবেন সেটা এখনো চূড়ান্ত হয়নি।
সূত্র: ভ্যারাইটি

