না ফেরার দেশে ‘টপ গান’ তারকা জেমস টলকান

জেমস টলকান
হলিউড হারালো এক প্রবীণ ও শক্তিমান অভিনেতাকে। ‘ব্যাক টু দ্য ফিউচার’ সিরিজের সেই কড়া মেজাজের ভাইস প্রিন্সিপাল কিংবা ‘টপ গান’-এর দাপুটে কমান্ডার জেমস টলকান আর নেই। ৯৪ বছর বয়সে চিরবিদায় নিলেন এই গুণী শিল্পী।
গতকাল তার প্রতিনিধি জন আলকানতার অত্যন্ত ভারাক্রান্ত মনে এই খবরটি নিশ্চিত করেছেন। জেমস টলকান কেবল একজন অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন হলিউডের সেই সব মুখদের একজন, যাদের পর্দায় দেখলেই একধরনের আভিজাত্য আর কঠোর নিয়মশৃঙ্খলার আবহ তৈরি হতো।
১৯৮৫ সালে ‘ব্যাক টু দ্য ফিউচার’ সিনেমায় তার বলা ‘স্ল্যাকার’ শব্দটি আজও পপ কালচারের ইতিহাসে অমর হয়ে আছে। আবার টম ক্রুজের সঙ্গে ‘টপ গান’-এ তার সেই গম্ভীর মেজাজ দর্শকদের মনে গেঁথে থাকবে আজীবন। শুধু অ্যাকশন বা সায়েন্সফিকশন নয়, উডি অ্যালেনের কমেডি সিনেমায়ও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।
দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে জেমস টলকান উপহার দিয়েছেন অনেক কালজয়ী মুহূর্ত। তার চলে যাওয়া যেন হলিউডের একটি সোনালি অধ্যায়ের অবসান। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজুড়ে তার সহকর্মী ও ভক্তরা এই অভিনেতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছেন।
সূত্র : নিউজ ১৮

