মারা গেছেন হলিউড অভিনেতা রবার্ট হিঙ্কল

রবার্ট হিঙ্কল
হলিউডের রুপালি পর্দার পেছনের এক জাদুকর বিদায় নিলেন। রক হাডসন থেকে শুরু করে জেমস ডিন কিংবা পল নিউম্যান, যাঁদের কণ্ঠস্বরের জাদুতে মুগ্ধ ছিল গোটা বিশ্ব, তাঁদের সেই বিশেষ ‘টেক্সান’ ঢঙে কথা বলা শিখিয়েছিলেন যিনি, সেই রবার্ট হিঙ্কল আর নেই। ৯৫ বছর বয়সে টেক্সাসের অস্টিনে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি সংলাপ প্রশিক্ষক ও অভিনেতা।
পরিবার সূত্রে জানা গেছে, নিজের বাড়িতে পড়ে গিয়ে মাথায় ও ঘাড়ে প্রচণ্ড চোট পেয়েছিলেন হিঙ্কল। কয়েক দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গত ৩ মার্চ চিরতরে চোখ বুঁজলেন এই গুণী শিল্পী।
হিঙ্কলের শুরুটা কোনো স্টুডিওতে নয়, হয়েছিল ঘোড়সওয়ারি বা রোডিও অ্যারেনায়। সেখান থেকেই ঘটনাক্রমে সুযোগ পান ১৯৫৬ সালের কালজয়ী সিনেমা ‘জায়ান্ট’-এ। পরিচালক জর্জ স্টিভেন্স তাঁর কথা বলার স্টাইল দেখে মুগ্ধ হয়ে বলেছিলেন, ‘আমার হিরোকে কি আপনার মতো কথা বলা শেখাতে পারবেন?’ ব্যস, সেই থেকেই শুরু। এরপর একে একে এলিজাবেথ টেলর থেকে শুরু করে জেমস ডিনদের উচ্চারণের তালিম দিয়েছেন তিনি।
হিঙ্কল মনে করতেন, টেক্সাস অঞ্চলের মানুষের কথা বলাটা একটা শিল্পের মতো। তিনি বলতেন, ‘আমরা শব্দগুলোকে তাড়াহুড়ো করে বলি না, বরং সেগুলোর সাথে আড্ডা দেই, যেন শব্দগুলো আমাদের দীর্ঘদিনের চেনা বন্ধু।’ তাঁর এই দর্শনেই মুগ্ধ ছিল তখনকার পুরো হলিউড।
শুধু পর্দার পেছনেই নয়, সামনে থেকেও তিনি মুগ্ধ করেছেন দর্শকদের। অভিনয় করেছেন অসংখ্য সিনেমা ও জনপ্রিয় টিভি সিরিজে। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন অনুকরণীয়। স্ত্রী স্যান্ড্রার সঙ্গে ৭৩ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন কাটিয়েছেন তিনি, যা হলিউডের ইতিহাসে বিরল।
আগামী জুন মাসে নিজের জন্মভূমি টেক্সাসের ব্রাউনফিল্ডে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। একজন রোডিও রাইডার থেকে শুরু করে হলিউডের মহাতারকাদের শিক্ষক হয়ে ওঠার এই অবিশ্বাস্য জার্নি চিরস্মরণীয় হয়ে থাকবে সিনেমার ইতিহাসে।
সূত্র : নিউজ ১৮

