অস্কারজয়ী পরিচালকদের সাথে পর্দায় আসতে চলেছেন রায়ান গসলিং

রায়ান গসলিং
হলিউড সুপারস্টার রায়ান গসলিং, বলতে গেলে এখন তিনি সাফল্যের একদম সপ্তম স্বর্গে আছেন। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে দর্শকদের মাতিয়ে রাখছেন এই অভিনেতা। এবার তার মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক। গত বছরের অস্কার কাঁপানো সিনেমা ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ এর দুই প্রতিভাবান পরিচালক ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্টের নতুন সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে তাকে।
এখনো নাম ঠিক না হওয়া এই সিনেমাটি হতে যাচ্ছে একটি সায়েন্স-ফিকশন অ্যাকশন কমেডি। নির্মাতাদের মতে, এটি যেমন মজার হবে, তেমনি এতে থাকবে এক গভীর আবেগপূর্ণ গল্প। ২০২৭ সালের ১৯ নভেম্বর সিনেমাটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছে ইউনিভার্সাল পিকচার্স।
রায়ান গসলিংয়ের জন্য ২০২৭ সালটি হতে যাচ্ছে অত্যন্ত ব্যস্ত। একদিকে অস্কারজয়ী পরিচালকদের এই প্রজেক্ট, অন্যদিকে ‘স্টার ওয়ার্স’ সিরিজের নতুন সিনেমা সব মিলিয়ে গসলিং ভক্তদের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। সম্প্রতি তার ‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমাটি বক্স অফিসে দাপট দেখানোর পর এই নতুন প্রজেক্ট নিয়ে হলিউডে এখন উত্তেজনার পারদ তুঙ্গে।
যারা ‘এভরিথিং এভরিহোয়্যার’ এর সেই অদ্ভুত আর জাদুকরী জগত পছন্দ করেছিলেন, তারা এবার রায়ান গসলিংয়ের সাথে কেমন এক মহাকাশ বা বিজ্ঞান কল্পকাহিনীর রোমাঞ্চ পান, সেটাই এখন দেখার বিষয়।
সূত্রঃ নিউজ ১৮

