সেই সুপার ফ্লপ ‘দ্য অফিস’ এখন কাল্ট হিট

সংগৃহীত ছবি
আপনি কি ‘দ্য অফিস’ সিরিজের ভক্ত? মাইকেল স্কটের সেই আজব সব কাণ্ডকারখানা দেখে কি হেসেই লুটোপুটি খান? জানলে অবাক হবেন, আজকের এই সুপারহিট ‘কাল্ট ক্লাসিক’ শোটি একসময় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। এমনকি খোদ স্টিভ ক্যারেলকেও বলা হয়েছিল এই শোতে অভিনয় না করতে।
সম্প্রতি এক পডকাস্টে স্টিভ ক্যারেল প্রকাশ করেছেন সেই পুরোনো দিনের কথা। তখন ব্রিটিশ একটি সিরিজের আমেরিকান রিমেক হিসেবে তৈরি হচ্ছিল ‘দ্য অফিস’। হলিউডের বড় তারকারা ভেবেছিলেন এটি একটি ভয়াবহ আইডিয়া এবং এটি কোনোভাবেই সফল হবে না। এমনকি স্টিভের সহ-অভিনেতা পল রুডও তাকে সাবধান করে বলেছিলেন, ‘বন্ধু, এই ভুল করো না। অডিশন দিতে যেয়ো না, এটা কোনোভাবেই চলবে না।
’
শুধু বন্ধুবান্ধবই নয়, দর্শকরাও শুরুতে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। স্টিভ জানান, তাদের প্রথম এপিসোডটি এনবিসি চ্যানেলের ইতিহাসের সবচেয়ে বাজে রেটিং পাওয়া এপিসোড ছিল। মানুষ রীতিমতো ঘৃণা করত এই শোটিকে। কিন্তু দমে যাননি স্টিভ। তিনি মাইকেল স্কট চরিত্রটিকে নিজের মতো করে গড়ে তোলেন, যা ধীরে ধীরে দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নেয়।
দীর্ঘ ৯টি সিজন ধরে চলা এই সিরিজটি আজ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের কমফোর্ট টিভি শো। মাইকেল স্কটের আজব রসবোধ আর অফিসের সহকর্মীদের খুনসুটি এখন ইন্টারনেটে মিমের খনি। স্টিভ ক্যারেল এই শোর জন্য ছয়বার এমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন।
অনেকেই দাবি করছেন শোটি নতুন করে শুরু করার জন্য, কিন্তু স্টিভ ক্যারেল তার প্রিয় মাইকেল স্কট চরিত্রটিকে আর নতুন করে পর্দায় আনতে চান না। তার মতে, “কিছু জিনিস যেখানে শেষ হয়েছে সেখানেই সুন্দর। ‘দ্য অফিস’ আমাদের সবার হৃদয়ে একটি বিশেষ জায়গা নিয়ে আছে এবং একে সেভাবেই থাকতে দেওয়া উচিত।”
সূত্র : নিউজ ১৮

