আগামীর সময়

ভক্তদের সাথে বাজে আচরণ মেনে নেবেন না চ্যাপেল রোন

ভক্তদের সাথে বাজে আচরণ মেনে নেবেন না চ্যাপেল রোন

চ্যাপেল রোন

ভক্তদের ভালোবাসা আর উন্মাদনা পপ তারকাদের কাছে নিত্যনৈমিত্তিক ব্যাপার। কিন্তু ভক্তদের সাথে যদি নিরাপত্তারক্ষীরা খারাপ ব্যবহার করে, তবে সেটা মোটেও মেনে নেবেন না জনপ্রিয় মার্কিন পপ সেনসেশন চ্যাপেল রোন। সম্প্রতি ব্রাজিলের সাও পাওলোর একটি হোটেলে ভক্তদের প্রতি এক নিরাপত্তারক্ষীর অপেশাদার আচরণ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন এই গ্র্যামি জয়ী তারকা।


​ঘটনার সূত্রপাত হয় যখন এক ব্যক্তি অভিযোগ করেন যে, হোটেলের ব্রেকফাস্ট টেবিলে তার ১১ বছরের মেয়ে চ্যাপেল রোনকে দেখে শুধু একটু হেসেছিল। আর তাতেই ক্ষেপে গিয়ে এক নিরাপত্তারক্ষী মেয়েটির সাথে অত্যন্ত রুক্ষ ব্যবহার করেন। বিষয়টি কানে আসামাত্রই চুপ থাকেননি চ্যাপেল রোন।


​নিজের প্রতিনিধি মারফত এক বিবৃতিতে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘ভক্তদের সাথে কোনো ধরণের বাজে বা আগ্রাসী আচরণ আমি বরদাশত করব না। আমার টিমের কাউকে এমন আচরণের অনুমতি আমি কখনোই দেইনি।’ এমনকি ওই নিরাপত্তারক্ষী তার নিজস্ব টিমের কেউ নন বলেও পরিষ্কার করেছেন তিনি।


​পরে ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় রোন বলেন, ‘আমি তো জানতামই না সেখানে কী হয়েছে। আমি শান্তিতে নাস্তা করছিলাম। কেউ আমাকে বিরক্ত করেনি। অথচ আমার নাম ভাঙিয়ে কেউ একজন এক মা আর তার ছোট্ট মেয়েকে হেনস্তা করেছে, যা শুনে আমার খুব খারাপ লাগছে।’ ওই মা-মেয়ের কাছে সরাসরি ক্ষমা চেয়ে তিনি আরও বলেন, ‘আমি শিশুদের ভালোবাসি, ভক্তদের ঘৃণা করার তো প্রশ্নই আসে না। আপনাদের সাথে যা হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’


​ভক্তদের প্রতি চ্যাপেল রোনের এমন সংবেদনশীল আচরণ সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসা কুড়াচ্ছে। তারকা মানেই যে ধরাছোঁয়ার বাইরের কেউ নন, বরং ভক্তদের সম্মানের ব্যাপারেও তারা সচেতন চ্যাপেল রোন যেন সেটাই প্রমাণ করলেন।

সূত্রঃ নিউজ ১৮ 

    শেয়ার করুন: