প্রশান্ত বর্মার ‘মহাকালী’তে থাকছেন প্রভাস

সংগৃহীত ছবি
প্রশান্ত বর্মার ‘সিনেমাটিক ইউনিভার্স’ মানেই যেন বড় সব চমকের সমাহার। অক্ষয় খান্নাকে অসুরগুরু শুক্রাচার্য হিসেবে কাস্ট করার রেশ কাটতে না কাটতেই এবার শোনা যাচ্ছে এক বিস্ফোরক খবর। দক্ষিণী মেগাস্টার প্রভাস নাকি প্রশান্ত বর্মার ‘মহাকালী’ সিনেমায় একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।
সূত্রের খবর অনুযায়ী, প্রভাস কেবল এই প্রজেক্টে যুক্তই হননি, বরং নিজের অংশের শুটিংও গোপনে শেষ করে ফেলেছেন। যদিও তার চরিত্রটি কী দেবতা নাকি অন্য কোনো রহস্যময় রূপ তা নিয়ে নির্মাতারা মুখে কুলুপ এঁটেছেন। তবুও বাহুবলী তারকার উপস্থিতি মানেই যে সিনেমাটি বক্স অফিসে অন্য উচ্চতায় যাবে, তা বলাই বাহুল্য।
প্রভাস বর্তমানে তার আগামী সিনেমা ফৌজির কাজে ব্যস্ত থাকলেও, তার হাতে রয়েছে স্পিরিট এর মতো মেগা প্রজেক্ট। এর মাঝেই ‘মহাকালী’র মতো পৌরাণিক সুপারহিরো সিনেমায় তার যুক্ত হওয়া ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে। সিনেমাটিতে ভূমি শেঠিকে দেখা যাবে রুদ্ররূপী মহাকালীর চরিত্রে, যার পোস্টার ইতিমধ্যে ইন্টারনেটে ভাইরাল।
সব মিলিয়ে প্রশান্ত বর্মা যে ভারতীয় পৌরাণিক কাহিনী আর আধুনিক সুপারহিরোদের নিয়ে এক বিশাল সাম্রাজ্য গড়ছেন, তাতে প্রভাস আর অক্ষয় খান্নার মতো তারকাদের অন্তর্ভুক্তি সিনেমা প্রেমীদের জন্য এক বড় পাওনা। এখন শুধু অপেক্ষা অফিশিয়াল ঘোষণার।
সূত্রঃ নিউজ ১৮

