হাত মেহেদিতে রাঙানোর টিপস

ছবিঃ আগামীর সময়
হাতে মেহেদির রঙ ছাড়া ঈদ যেন জমেই না। চাঁদ রাতে বসে মেহেদি পরার আসর। কার হাতের নকশা নিখুঁত হলো, কার হাতের মেহেদির রঙ বেশি গাঢ়— এ নিয়ে বাড়ির ছোট-বড় সদস্যদের কত রকমের খুনসুটিই না চলে এ সময়। তবে হাত ভরে সুন্দর নকশা আঁকলেই তো আর হবে না। সঠিকভাবে মেহেদি পরা ও যত্ন নেওয়ার কিছু কৌশলও জানতে হবে। তবেই হাতে মেহেদির রঙ হবে গাঢ় আর নকশাও থাকে দীর্ঘ সময় ধরে।
পরিষ্কার হাত
মেহেদি লাগানোর আগে হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন। পাশাপাশি খেয়াল রাখুন নখের কোন বা আঙুলের ভাঁজে কোনো প্রকার ময়লা না থাকে এবং হাত ধোয়ার পর লোশন, ময়েশ্চারাইজার বা তেল লাগানো যাবে না। এসব প্রসাধন ত্বকের ওপর একটি পাতলা স্তর তৈরি করে, যা মেহেদির নির্যাস হাতের ত্বকের গভীরে ঢুকতে বাধা দেয়। পরিষ্কার ত্বকে মেহেদির রঙ গাঢ় হয়ে বসে এবং নকশাও সুন্দর হয়।
মেহেদির মান
বাজারে নানা ধরনের মেহেদি পাওয়া যায়। বাজারের চটকদার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে ‘ইনস্ট্যান্ট’ বা পাঁচ মিনিটের রঙ দেওয়া মেহেদি পরা থেকে বিরত থাকুন। এই ধরনের মেহেদিতে প্যারা-ফিনাইলিনডিম নামক ক্ষতিকর রাসায়নিক থাকে, যা ত্বকে মারাত্মক অ্যালার্জি বা পোড়া ক্ষতের সৃষ্টি করতে পারে। তাই সব সময় তাজা ও অর্গানিক মেহেদি বা নামি ব্র্যান্ডের মানসম্পন্ন মেহেদি ব্যবহার করার চেষ্টা করুন।
সময় নিয়ে মেহেদি লাগান
হাতে মেহেদি লাগানোর সময় তাড়াহুড়া না করে ধীরে ধীরে নকশা আঁকুন। এতে সূক্ষ্ম ডিজাইন করা সম্ভব হবে। চাইলে আগেই কলম দিয়ে নকশার আউটলাইন এঁকে নিতে পারেন। এতে নকশা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা কম হবে। মেহেদি লাগানোর পর অন্তত ২০-৩০ মিনিট ধরে হাত বেশি নড়াচড়া করবেন না। এতে নকশা নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়। এছাড়া মেহেদি পরার সময় নিরিবিলি পরিবেশে স্থির হয়ে বসা জরুরি। যদি হাতের তালু খুব বেশি ঘামে, তবে পাখা বা এসির নিচে বসে হাত ঠান্ডা করে নিতে হবে। নকশা করার সময় টিউবের মুখটি খুব সরু করে কাটলে সূক্ষ্ম নকশা ফুটে ওঠে, তবে রঙ গাঢ় করতে চাইলে রেখাগুলো কিছুটা মোটা বা ভরাট করে দেওয়া ভালো।
লেবু-চিনির মিশ্রণ
মেহেদি পরার পর একটু শুকিয়ে এলে তুলা দিয়ে হালকা করে লেবু ও চিনির মিশ্রণ লাগাতে পারেন। এতে মেহেদি বেশি সময় ধরে হাতে লেগে থাকে এবং রঙ আরও গাঢ় হয়।
দ্রুত তুলে ফেলবেন না
মেহেদি যত দীর্ঘ সময় হাতে থাকবে, রঙ তত গভীর হবে। হাতে সময় থাকলে এবং ধৈর্য ধরে সারারাত ধরেই রাতে মেহেদি লাগিয়ে রেখে সকালে তুলুন। এতে মেহেদির রঙ পাকা ও দীর্ঘস্থায়ী হবে।
পানি এড়িয়ে চলুন
মেহেদি তুলে ফেলার পর কয়েক ঘণ্টা পানি ব্যবহার না করাই ভালো। এটা রঙ দ্রুত গাঢ় হতে সাহায্য করে।

