ঈদের দিন কী খাবেন, কী খাবেন না

সংগৃহীত ছবি
এক মাস রোজা রাখার পর পবিত্র ঈদুল ফিতর আসে আনন্দ, মিলন আর খাবারের বৈচিত্র্য নিয়ে। তবে দীর্ঘ সময় সংযমের পর হঠাৎ তেল-চর্বিযুক্ত ও ভারী খাবার খেলে হজমের সমস্যা, গ্যাস্ট্রিক বা অস্বস্তি দেখা দিতে পারে। তাই ঈদের দিনে সুস্থ থাকতে খাবার বাছাইয়ে সচেতনতা জরুরি।
কী খাবেন
ঈদের সকালটা শুরু করতে পারেন হালকা ও পুষ্টিকর খাবার দিয়ে। দুধ-সেমাই, খেজুর বা হালকা নাশতা শরীরকে ধীরে ধীরে স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরতে সাহায্য করে।
সাথে রাখতে পারেন ফলমূল ও দই এগুলো হজমে সহায়ক এবং শরীরকে সতেজ রাখে।
দুপুর বা রাতে ভারী খাবার খেলেও পরিমাণ যেন নিয়ন্ত্রিত থাকে। ভাজাপোড়া বা অতিরিক্ত মসলাযুক্ত খাবারের বদলে গ্রিল, ভাপা বা কম তেলে রান্না করা খাবার বেছে নেওয়া ভালো।
পাশাপাশি সারাদিন পর্যাপ্ত পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ।
কী খাবেন না
ঈদের দিন সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো একবারে অতিরিক্ত খাওয়া। দীর্ঘ সময় না খাওয়ার পর হঠাৎ বেশি খেলে পেটের সমস্যা হতে পারে।
অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার, যেমন বিরিয়ানি, কোরমা বা ভাজাপোড়া বেশি খাওয়া থেকে বিরত থাকা উচিত।
এছাড়া অতিরিক্ত মিষ্টি সেমাই, মিষ্টান্ন বা ডেজার্ট—খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। সফট ড্রিংকস ও অতিরিক্ত ঠান্ডা পানীয়ও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
সতর্কতা
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রোজার পর হঠাৎ ভারী খাবার খেলে অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক ও হজমজনিত সমস্যা বাড়তে পারে। তাই অল্প অল্প করে বারবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা ভালো।
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অন্যান্য রোগে আক্রান্তদের ক্ষেত্রে খাবার বাছাইয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ মেনে চলা উচিত।

