আগামীর সময়

দীপু দাসের পরিবারকে আর্থিক ও বাড়ি নির্মাণে সহায়তার ঘোষণা

দীপু দাসের পরিবারকে আর্থিক ও বাড়ি নির্মাণে সহায়তার ঘোষণা

সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দলবদ্ধভাবে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার শিকার হিন্দু ধর্মাবলম্বী পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের পরিবারকে টাকা ও বাড়ি নির্মাণে সহায়তার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

গত ১৮ ডিসেম্বর গাছে ঝুলিয়ে দীপু চন্দ্র দাসকে হত্যার পাঁচদিন পর শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে নিহত দীপু দাসের বাড়ি পরিদর্শন করেন। তখন সরকারের পক্ষ থেকে তার পরিবারকে সহমর্মিতা ও আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়।

সরকার জানিয়েছে, বাড়ি নির্মাণের জন্য দীপু দাসের পরিবারকে ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে, যা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ বাস্তবায়ন করবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে দীপু দাসের বাবা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে এবং তার সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ৫ লাখ টাকার একটি এফডিআর করা হবে।

এ ঘটনায় সরাসরি জড়িত ১২ জনকে ইতোমধ্যে গ্রেফতার এবং তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে সরকার।

শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরার মঙ্গলবার বলেন, দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ, যার কোনো অজুহাত নেই এবং আমাদের

সমাজে এর কোনো স্থান নেই। তার পরিবারেরকে সহায়তার যে প্রচেষ্টা সরকার করেছে তা একটি জীবনের তুলনায় কিছুই নয়। রাষ্ট্র নিশ্চয়ই সুবিচার নিশ্চিত করবে।

তিনি বলেন, সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে যেভাবে দীপু দাসকে হত‍্যা করা হয়েছে তা পুরো জাতির জন্য লজ্জার। ন‍্যায় বিচারই কেবল এই লজ্জা থেকে আমাদের মুক্তি দিতে পারে।

    শেয়ার করুন: