আগামীর সময়

জীবন এক অদ্ভুত চিত্রনাট্য : ফারুকী

জীবন এক অদ্ভুত চিত্রনাট্য : ফারুকী

সংগৃহীত ছবি

সাম্প্রতিক দুটি মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি উত্তরার অগ্নিকাণ্ড ও শেরপুরের সড়ক দুর্ঘটনায় শুভাকাঙ্ক্ষী হারানোর বেদনাদায়ক অভিজ্ঞতা তুলে ধরেন।

স্ট্যাটাসে তিনি জানান, প্রথমে সংবাদ শিরোনাম দেখে বুঝতে পারেননি যে উত্তরার আগুনে নিহত তিনজন তার পরিচিতজনের পরিবার। পরে শেরপুরের সড়ক দুর্ঘটনার খবরও প্রথমে দূরের ঘটনা মনে হলেও বিকেলে জানতে পারেন, এতে আহতদের একজন তাদের পরিচিত তাওসিফ এবং নিহত হয়েছেন তার পরিবারের চারজন সদস্য।

ফারুকী আরও জানান, তাওসিফ, তার স্ত্রী ও সন্তান আহত অবস্থায় আছেন। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তিনি তাওসিফের কর্মনিষ্ঠা ও যাদুঘরের কাজে তার অবদানের কথাও উল্লেখ করেন।

ফারুকী তার স্ট্যাটাসে জানান, আহতদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী এবং তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্ট্যাটাসে ফারুকী লেখেন—

''জীবন এক অদ্ভুত চিত্রনাট্য।

এর আগে উত্তরায় এক পরিবারের তিনজন আগুনে পুড়ে মারা গেছে- এই হেডলাইন পড়ার সময় বুঝিই নাই যে আমার ভাই-বেরাদর রাশেদের বোন আর তার পরিবার হচ্ছে এই তিনজন।

আজকে শেরপুরে সড়ক দুর্ঘটনার খবরটা দুপুরের দিকে পড়ি। পড়ে দুরের মানুষের জন‍্য যতোটুকু আফসোস লাগার, সেটুকু বোধ করি। করে অন‍্য কাজে মন দেই। তখনো জানিই না যে ঐ খবরের ভেতরে আমাদের কেউ থাকতে পারে।

বিকেলের দিকে জানতে পারি আমাদের যাদুঘরের তাওসিফ এই ঘটনায় আহতদের একজন। এবং তার পরিবারের চারজন নিহত। তাওসিফ, ওর স্ত্রী, এবং বাচ্চা আহত। পরিবারের সাথে ঈদ করতে মাইক্রোবাস ভাড়া করে যাচ্ছিলো। কিন্তু তার জানা ছিলো না চিত্রনাট্যে অন‍্য কিছু লেখা আছে।

তাওসিফ ছেলেটা অদ্ভুত রকমের কর্মনিষ্ঠ একটা মানুষ। গত একটা বছর সে যে নীরবে কতো পরিশ্রম করে গেছে জুলাই যাদুঘরের পেছনে। যখন যাদুঘরটা ওপেন হবে তখন এই মানুষগুলোর অকল্পনীয় পরিশ্রমের কথা কেউ জানবেও না, জানবেও না কত মানুষ তাদের ছুটির দিনগুলো পরিবারকে না দিয়ে কাজ করেছে। আপনারা সবাই তাওসিফ এবং ওর পরিবারের জন‍্য দোয়া করবেন।

একটু আগে জানলাম প্রধানমন্ত্রী নিজে খোঁজ খবর নিয়েছেন আহত সবার। এবং তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

তুমি আমাদের সবার দোয়ায় আছো, তাওসিফ।''

    শেয়ার করুন: