শাহিনরা এখন বাংলাদেশে, র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ মিরাজদের

বিমানবন্দরে পাকিস্তান ক্রিকেট দল। ছবি: বিসিবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে খেলার লক্ষ্য ছিল পাকিস্তানের। সুপার এইট থেকে বাদ পড়ায় আজ ফাইনালের দিন ক্রিকেটাররা এসেছেন বাংলাদেশ সফরে। প্রধান কোচ মাইক হেসনসহ পাঁচ কোচিং স্টাফ এসেছিলেন আগেই। আজ শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে এসেছেন দলের ক্রিকেটার ও অন্য স্টাফরা।
শাহজালার বিমানবন্দরে ফুল দিয়ে পাকিস্তান দলকে বরণ করে নিয়েছে বিসিবি। ফেসবুক পোস্টে তারা লিখেছে, ‘বাংলাদেশে স্বাগতম! বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল এখন ঢাকায়। মিরপুরে উপভোগ্য সিরিজের জন্য দুই দলকেই শুভকামনা রইল।’ ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য সিরিজটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। বাংলাদেশ ওয়ানডে র্যাঙ্কিংয়ে আছে ১০ নম্বরে। পাকিস্তান আছে চতুর্থ স্থানে। এই সিরিজ জিতলে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ৯-এ উঠে আসবে মেহেদী হাসান মিরাজের দল। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬, পাকিস্তানের ১০৫ আর ওয়েস্ট ইন্ডিজের ৭৭।
বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতলে রেটিং পয়েন্ট হবে ৮১। বাংলাদেশ যদি ২-১ ব্যবধানে সিরিজ জিতে এবং প্রথম দুই ম্যাচ জিতে শেষ ম্যাচে হারে তখন রেটিং পয়েন্ট হবে ৮০।
প্রথম এবং শেষ ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতলে কিংবা অথবা প্রথম ম্যাচ হেরে পরের দুই ম্যাচ জিতলে রেটিং পয়েন্ট হবে ৭৯। আর পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হারলে রেটিং পয়েন্ট হবে ৭৪।

