৫ বলে ৫ উইকেট নিয়ে কিউই পেসারের বিশ্বরেকর্ড

প্রথম বোলার হিসেবে ৫ বলে ৫ উইকেট নিয়েছেন রানডেল। ছবি: সংগৃহীত
প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসটা ২৫৪ বছরের। এতদিনেও যা হয়নি আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে সেটাই করলেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট রানডেল। প্রথম বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে টানা ৫ বলে ৫ উইকেট নিলেন ৩০ বছর বয়সী রানডেল।
নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে আজ সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে এই বিশ্ব রেকর্ড গড়েন রানডেল। কীর্তিটা গড়ে অবাক তিনি নিজেই। ম্যাচ শেষে বললেন,‘ আমার ধারণা ছিল না যে এটি (প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচ বলে পাঁচ উইকেট) পৃথিবীতে প্রথমবার ঘটেছে। সত্যিই দারুণ। বোঝাতে চাইছি, এই মুহূর্তে আমার কাছে আসলে কোনো ভাষা নেই।’
নিউজিল্যান্ড জাতীয় দলে কখনও খেলেননি রানডেল। প্রথম শ্রেণির ৩৭ ম্যাচে নিয়েছিলেন ১০৩ উইকেট। সাদামাটা পরিসংখ্যানের এই পেসারই এখন অমর হয়ে থাকবেন প্রথম শ্রেণির ক্রিকেটে।
নেপিয়ারে ম্যাকলিন পার্কে নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে ওপেনার হেনরি কুপারকে ফিরিয়েছিলেন রানডেল। এরপর নিজের তৃতীয় ওভারে টানা ৪ বলে নেন ৪ উইকেট। প্রথম বলে বোল্ড করেন জিত রাভালকে। কিউইদের হয়ে ২৪ টেস্ট খেলেছেন রাভাল। দ্বিতীয় বলে হ্যাটট্রিক করেন জো কার্টারকে ফিরিয়ে।
তৃতীয় বলে রবি ও’ডোনেল ক্যাচ দেন স্লিপে। তাতে পূরণ হয় ‘ডাবল হ্যাটট্রিক’। পরের বলে ক্রিস্টিয়ান ক্লার্ককে করেন বোল্ড । ৫ বলে ৫ উইকেট নিয়ে নতুন বিশ্ব রেকর্ডটা হয় তাতে।
ইনিংসে ২৫ রানে ৭ উইকেট নেন রানডেল, যা তার ক্যারিয়ার সেরা। আগের সেরা ছিল ৪৫ রানে ৬ উইকেট। নর্দার্ন ডিস্ট্রিক্টস অলআউট হয়ে যায় ৮২ রানে।
লাল বলে না হলেও সাদা বলের ক্রিকেটে ৫ বলে টানা ৫ উইকেটের কীর্তি আছে দুটি। গত বছর কার্টিস ক্যাম্ফার আয়ারল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে নিয়েছিলেন ৫ বলে ৫ উইকেট।
২০২৪ সালে জিম্বাবুয়ের কেলিস এনধলোভুও অনূর্ধ্ব-১৯ নারী ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে ৫ বলে নিয়েছিলেন ৫ উইকেট।

