আগামীর সময়

গড়েছেন জোড়া রেকর্ড

১০ মাস পর ফিরেও অনন্য কোহলি

১০ মাস পর ফিরেও অনন্য কোহলি

৩৮ বলে ৬৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন কোহলি। ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নের মতোই শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের প্রথম ম্যাচে হায়দরাবাদকে ৬ উইকেটে হারাল তারা। হায়দরাবাদের ৯ উইকেটে ২০১ রানের চ্যালেঞ্জ ২৬ বল আর ৬ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় বেঙ্গালুরু। বিফলে যায় হায়দরাবাদের ঈষান কিশানের ৮০ রানের ইনিংস।

গত বছর আইপিএলের ফাইনাল খেলার পর আর কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি বিরাট কোহলি। ১০ মাস পর ফিরে ৩৮ বলে ৬৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি।

১৬তম ওভারে হর্ষল প্যাটেলের চার বলে ১৮ রান নিয়ে দলকে জেতানোর পর কোহলিকে দেখা গেল হাত আকাশের দিকে তুলতে। গ্যালারিতে বসে থাকা স্ত্রী অনুষ্কা শর্মার দিকে উড়ন্ত চুমু ছুড়ে দিলেন। পাল্টা চুমু দিলেন অনুষ্কাও। এর পর রজত পাতিদারকে জড়িয়ে ধরলেন কোহলি।

এতদিন পর টি-টোয়েন্টিতে ফিরেও ছন্দে থাকার রহস্য নিয়ে বললেন, ‘এক বছর আগে এই মাঠেই শেষবার টি-টোয়েন্টি খেলেছিলাম। তবে ওয়ানডে সিরিজে যেভাবে খেলেছি সেটা আমাকে ছন্দ ধরে রাখতে সাহায্য করেছে। যে ধরনের শট খেলি না, সেই শট খেলার চেষ্টা করিনি। আমি জানি যতক্ষণ আমার ছন্দ রয়েছে এবং যতক্ষণ নিজের ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করতে পারছি, ততক্ষণ সব ঠিকঠাকই হবে।’

আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে ২০০৮ থেকে শুরু করে এখন পর্যন্ত হওয়া ১৯টি আসরেই খেললেন কোহলি। রেকর্ডের এই ম্যাচে ব্যাটে আরেকটি রেকর্ড গড়েছেন কোহলি।
রানতাড়ায় ছুেয়েছেন ৪০০০ রানের মাইলফলক। আইপিএলে রানতাড়ায় প্রথম ব্যাটার হিসেবে চার হাজার রান করলেন কোহলিই।

গত বছর বেঙ্গালুরুর শিরোপা উদযাপনের সময় পদপিষ্ট হয়ে প্রাণ হারানো ১১ জন ভক্তের স্মরণে এম চিনস্বামী স্টেডিয়ামে পালন করা হয় এক মিনিটের নীরবতা। এছাড়া আরসিবি খেলোয়াড়দের ওয়ার্ম-আপ জার্সিতে ছিল ‘১১’ নম্বর, যা সেই ১১ জন বিদেহি আত্মার প্রতি উৎসর্গ করা হয়েছে।

    শেয়ার করুন: