ইউক্রেনের ড্রোন হামলা রাশিয়ার তামান বন্দরে, আহত ২

ফাইল ছবি
ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানিয়েছেন ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় তামান বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২ জন।
টেলিগ্রামে এক পোস্টে ভেনিয়ামিন কোন্ড্রাটয়েভ জানান, এই হামলায় তেলজাত পণ্য, শস্য, কয়লা ও অন্যান্য পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই বন্দরের ভলনা গ্রামসংলগ্ন অংশে একটি তেল সংরক্ষণ ট্যাংক, গুদামঘর ও কয়েকটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
তথ্য অনুযায়ী, বন্দরে সৃষ্ট একাধিক আগুন নিয়ন্ত্রণে আনতে ১০০ জনেরও বেশি কর্মী কাজ করেন।
ক্রাসনোদার অঞ্চলের গভর্নর জানান, এছাড়াও পৃথক হামলার ঘটনা ঘটেছে রিসোর্ট শহর সোচিতে এবং সমুদ্রতীরবর্তী আনাপা শহরের কাছে ইউরোভকা গ্রামে আঘাত হানা হয়েছে। তবে সেখানে ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে।
অন্যদিকে, রাশিয়াও ইউক্রেনের জ্বালানি ও ইউটিলিটি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার ফলে তীব্র শীতের মধ্যে বহু মানুষ বিদ্যুৎ ও তাপ সরবরাহ থেকে বঞ্চিত হয়েছে।

