পশ্চিমবঙ্গে ইসির নথিতে বিজেপির সিল, মমতার ক্ষোভ

সংগৃহীত ছবি
ভারতের নির্বাচন কমিশনের (ইসি) একটি পুরনো নথিতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নাম ও দলীয় প্রতীক সংবলিত সিলের ব্যবহার নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।
তৃণমূল নেত্রী অভিযোগ করেন, নির্বাচন কমিশন নেপথ্যে থেকে একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে। হাতে ওই নথির প্রতিলিপি নিয়ে মমতা বলেছেন, ‘কমিশনের কাগজে বিজেপি পার্টির স্ট্যাম্প ও চিহ্ন কেন? পিছন থেকে খেলছেন কেন? সামনে এসে খেলুন।’
উল্লেখ্য, সোমবার তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্র ইসির ছয় বছর পুরনো এই নথিটি প্রকাশ্যে আনেন। কমিশন বিষয়টিকে ‘করণিক ভুল’ বলে দাবি করলেও মমতা পাল্টা প্রশ্ন তোলেন— এটি ভুল নাকি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত?
এসআইআর তালিকা প্রকাশে বিলম্ব এবং সময় নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। সোমবার মধ্যরাতে কেন এই তালিকা প্রকাশ করা হলো, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি উল্লেখ করেন, ‘বিচারকরা ছয় দিন আগে কাজ শেষ করার পরও তালিকা প্রকাশে এত ভয় কেন? স্বচ্ছতা নেই বলেই কি মধ্যরাতে তালিকা দেওয়া হলো? কোনো বিশেষ দলের নাম ঢোকানোর জন্যই কি এই বিলম্ব?’
এর আগে মঙ্গলবার সকালে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে কমিশনকে প্রশ্নবিদ্ধ করেন।
নির্বাচন চলাকালীন ঢালাও বদলি নিয়েও সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ৭৩ জন রিটার্নিং অফিসারকে ‘অনৈতিকভাবে’ বদলি করা হয়েছে বলে দাবি করেন তিনি। নির্বাচন কমিশনকে বিজেপির স্বার্থে ব্যবহারের অভিযোগ আনেন তিনি।
এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘বাম-ডান ভুলে যান। যারা এই চক্রান্তের বিরুদ্ধে, তারা সবাই একজোট হোন। মানুষের পাশে দাঁড়ান।’
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঐক্যের ডাককে কটাক্ষ করেছেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, ‘উনিই বিজেপিকে বাংলায় পথ দেখিয়েছিলেন। কেন্দ্রের স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই যেমন প্রয়োজন, রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে লড়াইও সমান জরুরি। আমাদের লড়াই তৃণমূল ও বিজেপি উভয়ের বিরুদ্ধেই।’
সবশেষে মমতা হুঁশিয়ারি দিয়ে জানান, এই এসআইআর ইস্যুই বিরোধীদের রাজনৈতিক পতন ত্বরান্বিত করবে। মঙ্গলবার দুপুর পর্যন্ত বুথগুলোতে তালিকা না টাঙানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

