পশ্চিমবঙ্গ
নির্বাচনী ইশতেহারে ‘১০ প্রতিজ্ঞা’ মমতার

সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ১০ দফা উন্নয়নের অঙ্গীকার নিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। শুক্রবার কলকাতায় এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন দলটির প্রধান ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী পাঁচ বছরে সুশাসন ও উন্নয়নের লক্ষ্য নিয়ে এই ‘১০টি প্রতিজ্ঞা’র কথা জানান তিনি।
ইশতেহারে মা-বোনদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন মমতা ব্যানার্জি। নতুন ঘোষণা অনুযায়ী, সাধারণ শ্রেণির নারীরা এখন থেকে মাসে দেড় হাজার রুপি এবং তপশিলি জাতি ও জনজাতিভুক্ত নারীরা মাসে এক হাজার ৭০০ রুপি করে সহায়তা পাবেন।
বেকার যুবক-যুবতীদের জন্য ‘বাংলার যুব-সাথী’ প্রকল্পের আওতায় মাসিক দেড় হাজার রুপি ভাতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ ছাড়া কৃষিখাতের আমূল পরিবর্তনের লক্ষ্যে ৩০ হাজার কোটি রুপির একটি বিশেষ কৃষি বাজেট বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ভূমিহীন কৃষকদের কল্যাণেও বিশেষ প্রকল্প নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে ইশতেহারে।
ইশতেহারে প্রতিটি পরিবারের জন্য পাকা বাড়ি ও বিশুদ্ধ পানীয় জলের সংযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে।
স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্লক ও টাউন পর্যায়ে ‘দুয়ারে চিকিৎসা’ শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ‘বাংলার শিক্ষায়তন’ প্রকল্পের মাধ্যমে সরকারি স্কুলগুলোর অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন মমতা ব্যানার্জি।
পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের প্রধান বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তুলতে আধুনিক বন্দর, লজিস্টিকস এবং গ্লোবাল ট্রেড সেন্টার নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। প্রশাসনিক কাজ আরও গতিশীল করতে রাজ্যে আরও ৭টি নতুন জেলা গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইশতেহারে।
ইশতেহার প্রকাশ শেষে মমতা ব্যানার্জি বলেছেন, ‘এই ১০টি প্রতিজ্ঞা আগামী পাঁচ বছরে আমাদের সুশাসন ও উন্নয়নের পথনকশা হিসেবে কাজ করবে। আমাদের লক্ষ্য রাজ্যের প্রতিটি ঘরে সুখ ও সমৃদ্ধি পৌঁছে দেওয়া।’

