বিধানসভা নির্বাচন
মমতার বড় চমক, বেছে নিলেন দুই সাংবাদিক

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। তালিকায় চমক হিসেবে— যেমন টলিউডের অভিনেতা-অভিনেত্রী ও চিত্রপরিচালক রয়েছেন, তেমনি রয়েছেন সাবেক ক্রিকেটার ও সাবেক সরকারি কর্মকর্তারাও। আরও বড় চমক হিসেবে আছে দুই সাংবাদিকের নাম।
তৃণমূলের মনোনয়ন পাওয়া দুই সাংবাদিক হলেন— কুণাল ঘোষ ও দেবদ্বীপ পুরোহিত।
মঙ্গলবার (১৬ মার্চ) কালীঘাটে নিজের বাসভবনে সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা জানিয়েছেন, দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং—পাহাড়ি এই তিনটি কেন্দ্রে তৃণমূল তাদের প্রার্থী দিচ্ছে না। মিত্র অনীত থাপার দল ‘ভারতীয় গোর্খা গণতান্ত্রিক মোর্চা’র জন্য ছেড়ে দেওয়া হয়েছে এই কেন্দ্রগুলো।
এবার ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মমতা ব্যানার্জী। নন্দীগ্রাম কেন্দ্রে প্রার্থী করা হয়েছে পবিত্র করকে। শিলিগুড়ি কেন্দ্রে সাবেক মন্ত্রী গৌতম দেব, মেখলিগঞ্জে সাবেক মন্ত্রী পরেশ অধিকারী, দিনহাটা কেন্দ্রে মন্ত্রী উদয়ন গুহ, জঙ্গিপুর কেন্দ্রে সাবেক মন্ত্রী জাকির হোসেন, ডোমকল কেন্দ্রে সাবেক আইপিএস কর্মকর্তা হুমায়ুন কবীর, তুফানগঞ্জ কেন্দ্রে সাবেক ক্রিকেটার শিব শংকর পাল, হাবরা কেন্দ্রে জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যারাকপুর কেন্দ্রে পরিচালক রাজ চক্রবর্তী, খড়দহ কেন্দ্রে সাংবাদিক দেবদীপ পুরোহিত, কামারহাটি কেন্দ্রে মদন মিত্র, বরানগর কেন্দ্রে অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী।
ভারতীয় গণমাধ্যম সূত্রে আরও জানা গেছে, দমদম কেন্দ্রে মন্ত্রী ব্রাত্য বসু, রাজারহাট-গোপালপুর কেন্দ্রে সংগীতশিল্পী অদিতি মুন্সি, সোনারপুর কেন্দ্রে অভিনেত্রী লাভলী মৈত্র, কলকাতা বন্দর কেন্দ্রে ফিরহাদ হাকিম, বালিগঞ্জ কেন্দ্রে মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, চৌরঙ্গী কেন্দ্রে অভিনেত্রী নয়না ব্যানার্জী, চন্দননগর কেন্দ্রে সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন, মানিকতলা কেন্দ্রে অভিনেত্রী শ্রেয়া পাণ্ডে এবং করিমপুর কেন্দ্রে অভিনেতা সোহম চক্রবর্তী প্রমুখ।

