আগামীর সময়

পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে লড়বেন যেসব তারকা

পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে লড়বেন যেসব তারকা

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর পর থেকেই জল্পনা ছিল ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে। আজ (১৭ মার্চ) প্রার্থী তালিকা ঘোষণা করেছে দলটি। বারবরের মতো এবারেও, নতুন নতুন তারকা প্রার্থী দাঁড়াবেন বলে আশা থাকলেও নতুন কোনো মুখ দেখা যায়নি।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে পরমব্রত চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তীরা এবার টিএমসির টিকিটে ভোটে দাঁড়াবেন শোনা গেলেও, শেষ পর্যন্ত তা হলো না।

গুঞ্জন ছিল টালিগঞ্জ থেকে ভোটে দাঁড়াতে পারেন টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তবে প্রার্থী ঘোষণার সময় এ আসনে নাম ঘোষণা হল অরূপ বিশ্বাসের। ব্যারাকপুরে প্রার্থী তালিকায় গতবারের মতো এবারও থাকলেন রাজ চক্রবর্তী। একইভাবে সোনারপুর দক্ষিণ থেকে ভোটে লড়বেন অভিনেত্রী লাভলি মৈত্র। 

তবে জায়গা বদল হয়েছে সোহমের। তাকে চণ্ডিপুর থেকে সরিয়ে এবার তেহট্ট আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

এদিকে বাদ গেলেন কাঞ্চন মল্লিক। ব্যক্তিগত জীবনে ক্রমাগত বিতর্কে জড়ানোর কারণে, কাঞ্চনের বিরুদ্ধে দলের অভ্যন্তরে অস্বস্তি তৈরি হয়েছিল। তার আসন থেকে এবার সংগীত শিল্পী ইমন চক্রবর্তীকে দাঁড় করানোর গুঞ্জন ছিল। যদিও শেষ পর্যন্ত তা সত্যি হয় নি। 

অন্যদিকে চন্দননগর আসন থেকে এবারেও ভোটে লড়বেন গায়ক ইন্দ্রনীল সেন। একইভাবে ফের বরানগর থেকে লড়বেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

এছাড়া রাজারহাট গোপালপুর আসন থেকে অদিতি মুন্সি লড়বেন তৃণমূল কংগ্রেসের হয়ে।

    শেয়ার করুন: