আগামীর সময়

বিধানসভা নির্বাচন

‘হারবেন বলেই’ মমতার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন শুভেন্দু?

‘হারবেন বলেই’ মমতার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন শুভেন্দু?

সংগৃহীত ছবি

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দুটি আসনে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। ২০২১ সালে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি। নন্দীগ্রামে হারার পর ভবানীপুর কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হন তিনি।

নন্দীগ্রামের পাশাপাশি এবার সেই ভবানীপুর কেন্দ্র থেকেও প্রার্থী হলেন শুভেন্দু। তিনি আগেই জানিয়েছিলেন এই দুই আসনেই প্রার্থী হয়ে ফের একবার মমতাকে হারাতে চান। নন্দীগ্রামে মমতার পরাজয়কে নিজের রাজনৈতিক জীবনের একটি ‘বড় জয়’ হিসেবে দেখেন শুভেন্দু।

তবে ভবানীপুর আসনে প্রার্থী হওয়ায় শুভেন্দুকে একহাত নিয়েছেন তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। ‘যে যেখানে খুশি দাঁড়াতেই পারেন। হারবেন বলেই শুভেন্দু ভবানীপুরে দাঁড়াচ্ছেন। এই আসনে মমতাকে হারানো মানে সূর্য পশ্চিম দিকে ওঠা। ভবানীপুরে হারতে আসছে বিরোধী দলনেতা। ভবানীপুরকে অশান্তিকুঞ্জ বানাতে দেবেন না এখানকার মানুষরা’, সাংবাদিকদের বলছিলেন তিনি।

এ ছাড়াও দিলীপ ঘোষ খড়্গপুর সদর ও অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ থেকে প্রার্থী হয়েছেন। বরানগর থেকে প্রার্থী হয়েছেন সজল ঘোষ। প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দাকে ময়না ও অভিনেতা রুদ্রনীল ঘোষকে শিবপুর থেকে প্রার্থী করেছে বিজেপি। প্রথম দফায় ১৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি।

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার কিছুক্ষণ আগে ১৯২টি আসনে বামেদের প্রার্থী ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বামফ্রন্টের তরফে দমদম উত্তর কেন্দ্রে দাঁড়িয়েছেন দিপ্সীতা ধর, মীনাক্ষী মুখোপাধ্যায় দাঁড়িয়েছেন উত্তরপাড়া কেন্দ্র থেকে। গতবছর উপনির্বাচনে বোমাবাজিতে নিহত শিশু তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে কালীগঞ্জ আসন থেকে প্রার্থী করেছে সিপিআই(এম)। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেব দাঁড়িয়েছেন রাজারহাট-নিউটাউন আসন থেকে।

অপরদিকে তৃণমূল এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি।

    শেয়ার করুন: