ভারতের পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্যে নির্বাচনের তফসিল ঘোষণা

পশ্চিমবঙ্গের বিধানসভা ভবন ও বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। সেই সঙ্গে আসাম, তামিলনাডু, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনেরও তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। অন্যদিকে আসাম, কেরালা ও পুদুচেরিতে এক দফায় আগামী ৯ এপ্রিল ভোট হবে। তামিলনাডুতেও এক দফায় ২৩ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সব রাজ্যের ভোট গণনা করা হবে ৪ মে।
দিল্লির বিজ্ঞান ভবনে রবিবার এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন। এ সময় কমিশনের অপর দুই সদস্য ড. সুখবির সিং সান্ধু ও ড. বিবেক জোশিও উপস্থিত ছিলেন।
নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট রাজ্যগুলোতে কার্যকর হয়েছে নির্বাচনি আচরণবিধি।
পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনের জন্য দুই দফায় ভোট অনুষ্ঠিত হবে। প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় ও শেষ দফার ভোট ২৯ এপ্রিল।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচন সেখানে আট দফায় অনুষ্ঠিত হয়েছিল। সেই তুলনায় এবার অনেক কম দফায় ভোট নেওয়া হচ্ছে।
তবে নির্বাচন কমিশন জানিয়েছে, দফা কম হলেও পশ্চিমবঙ্গে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতার বিষয়টি বিবেচনায় রেখে বিপুলসংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও পর্যবেক্ষক মোতায়েন করা হবে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কমিশন দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে। ২০১১ সাল থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস রাজ্যটিতে ক্ষমতায় রয়েছে।

