আগামীর সময়

‘হরমুজ প্রণালী অতিক্রমে কিছু দেশকে অনুমতি দিয়েছে ইরান’

‘হরমুজ প্রণালী অতিক্রমে কিছু দেশকে অনুমতি দিয়েছে ইরান’

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালী অতিক্রম করার জন্য কিছু দেশের জাহাজকে অনুমতি দিয়েছে ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি এ কথা জানিয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলার সময় প্রণালীটি কার্যত বন্ধ থাকলেও সেখানে ইরান কোনো মাইন পেতে রাখছে না বলেও দাবি করেন তিনি।

তেহরানে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তাখত-রাভানচি বলেছেন, ‘কিছু দেশ ইতিমধ্যে আমাদের সঙ্গে প্রণালী পার হওয়ার বিষয়ে কথা বলেছে এবং আমরা তাদের সহযোগিতা করেছি।’

‘ইরানের দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি, যেসব দেশ আগ্রাসনে যোগ দিয়েছে তারা হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াতের সুবিধা পাবে না’, বলেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন, মার্কিন বাহিনী হরমুজ প্রণালীতে ইরানের ২৮টি মাইন বসানোর জাহাজে হামলা চালিয়েছে। তবে তাখত-রাভানচি এ অভিযোগ অস্বীকার করেছেন।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই জলপথে ইরান মাইন পেতেছে—এমন প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, ‘একেবারেই না। এটি সত্য নয়।’

তিনি আরো জানান, ভবিষ্যতে যেন ইরানের ওপর আর যুদ্ধ চাপিয়ে দেওয়া না হয়, তা নিশ্চিত করতে চায় তেহরান।

তাখত-রাভানচি উল্লেখ করেন, ‘আমরা দেখতে চাই যে ভবিষ্যতে ইরানের ওপর আর যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে না। গত জুনে যখন যুদ্ধ শুরু হয়েছিল, ১২ দিন পর তথাকথিত যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু আট বা ৯ মাস পর তারা আবার সংগঠিত হয়ে একই কাজ করেছে।’

    শেয়ার করুন: