আগামীর সময়

উপসাগরীয় দেশগুলোতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য

উপসাগরীয় দেশগুলোতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য

প্রতীকী ছবি

পারস্য উপসাগরীয় দেশগুলোতে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য। ‘মিত্রদের সম্মিলিত প্রতিরক্ষা’ জোরদারে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (৩১ মার্চ) জানিয়েছে, ‘যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে, যাতে উপসাগরীয় অংশীদারদের ইরানের আগ্রাসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে আরও সুরক্ষা দেওয়া যায়, যা এখনো পুরো অঞ্চলে অব্যাহত রয়েছে।’

অঞ্চল সফরের সময় ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি সৌদি আরবে ‘স্কাই সাবর’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন এবং কাতারে যুক্তরাজ্যের টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন।

তিনি আরও জানান, স্বল্প-পাল্লার একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যে বাহরাইনে রয়েছে এবং একটি স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কুয়েতে পৌঁছেছে।

হিলি উল্লেখ করেন, ‘উপসাগরীয় অংশীদারদের প্রতি আমার বার্তা হলো: ব্রিটেনের সেরা সক্ষমতা আপনাদের আকাশ রক্ষায় সহায়তা করবে। আমরা মধ্যপ্রাচ্যে আমাদের দীর্ঘমেয়াদি অংশীদারদের পাশে থাকব এবং এই সংঘাতের দ্রুত সমাধানের জন্য প্রচেষ্টা চালিয়ে যাব।’

এর আগে সোমবার (৩০ মার্চ) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দাবি করেছিলেন, যুক্তরাজ্য ইরান যুদ্ধে নেই।

    শেয়ার করুন: