আগামীর সময়

ট্রাম্প

দুই-তিন সপ্তাহের মধ্যেই ইরানে অভিযান শেষ করবে যুক্তরাষ্ট্র

দুই-তিন সপ্তাহের মধ্যেই ইরানে অভিযান শেষ করবে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে হামলা চালানো বন্ধ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, যুদ্ধ শেষ করার জন্য তেহরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটা জানালেন তিনি।

‘আমরা খুব দ্রুতই (ইরান) ত্যাগ করছি...দুই সপ্তাহের মধ্যে, হয়তো দুই সপ্তাহ কিংবা তিন সপ্তাহ’— সাংবাদিকদের বলেছিলেন ট্রাম্প। ‘ইরানকে কোনো চুক্তিতে আসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যুক্তরাষ্ট্র চাইলে কোনো সমঝোতা ছাড়াই এই যুদ্ধ বন্ধ করতে পারে’, এতদিনের সুর পাল্টে বলেছিলেন ট্রাম্প। এর আগে ট্রাম্প দাবি করে আসছিলেন, ইরান আলোচনা করছে এবং একটি চুক্তি করতে কাকুতি-মিনতি করছে।

ট্রাম্পের এই মন্তব্য সহজভাবে নেওয়ার সুযোগ নেই, বলছেন কুইন্সি ইনস্টিটিউটের ইরানবিষয়ক পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ত্রিতা পারসি। তার ভাষ্য, ট্রাম্পের পক্ষে এই বিস্তৃত এই যুদ্ধ থেকে এত সহজে বেরিয়ে যাওয়ার সুযোগ নেই। ‘মনে রাখবেন, প্রথমে তারা বলেছিল যে এই যুদ্ধ চার দিনে শেষ হয়ে যাবে। তারপর তিন সপ্তাহ আগে তারা বলেছিল— যুদ্ধ শেষ হতে তিন সপ্তাহ সময় লাগবে। আর এখন তিন সপ্তাহ পরে আমরা শুনছি আরও তিন সপ্তাহ লাগবে। সময়সীমা বেড়েই চলেছে, কারণ এই যুদ্ধের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেই।’

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সামরিক লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার কাছাকাছি পৌঁছানোয় তারা এখন এই যুদ্ধ শেষ করার কথা ভাবছে। তবে এই সময়ের মধ্যে ইরান কোনো পাল্টা পদক্ষেপ নিলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

    শেয়ার করুন: