কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৫ জনের মরদেহ উদ্ধার

ছবিঃ আগামীর সময়
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ৫ ব্যক্তি। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত আরেক ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন উদ্ধারকর্মীরা। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন কারখানা সংশ্লিষ্টরা।
আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিকাল ৪টা ৪৪ মিনিটে আগুন নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীর ওই গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে উল্লেখ করে তিনি জানান, ‘দাহ্য পদার্থ থাকায় দ্রুত ছড়িয়ে পড়েছিল আগুন। ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে। নিহতদের চেহারা বিকৃত হওয়ায় শনাক্ত করা যায়নি তাদের পরিচয়।’
‘কারখানার ভেতরে আরও কোনো ভুক্তভোগী আছে কি না, তা নিশ্চিত হতে বর্তমানে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস,’ যোগ করেন তিনি।

