ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে

সংগৃহীত ছবি
ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা এক হাজার ৪০০ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, ২ মার্চ থেকে নিহতদের মধ্যে অন্তত ১২৬ জন শিশু রয়েছে। এছাড়া নিহতদের মধ্যে অন্তত ৫৪ জন স্বাস্থ্যকর্মী এবং ৯৩ জন নারীও রয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানে হামলা দিয়ে শুরু হওয়া এই সংঘাত তেহরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীকে জড়িয়ে ছড়িয়ে পড়েছে, যার মধ্যে দক্ষিণ লেবাননে কার্যক্রম পরিচালনাকারী হিজবুল্লাহও রয়েছে।
২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন অঞ্চলে নিহতের সংখ্যা সম্পর্কে কর্তৃপক্ষ যা জানিয়েছে, তা নিচে তুলে ধরা হলো।
ইরান
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে ইরানে দুই হাজার জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে বৃহস্পতিবার ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে। গতকাল এক হালনাগাদ তথ্যে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ২১৬ জন শিশু রয়েছে, যার মধ্যে ৫ বছরের নিচে ১৭ জন শিশু রয়েছে।
লেবানন
২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত এক হাজার ৪২২ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১২৬ জন শিশু রয়েছে।
ইরাক
যুদ্ধ শুরুর পর থেকে ইরাকজুড়ে অন্তত ১০৭ জন নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে অন্তত ১৩ জন নিহত হয়েছে বলে আঞ্চলিক সরকার জানিয়েছে।
ইসরায়েল
সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলের ভেতরে অন্তত ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যেখানে হামলার পরোক্ষ প্রভাবে মৃতদের অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া দক্ষিণ লেবাননে অন্তত ১১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে সেনাবাহিনী জানিয়েছে, যার মধ্যে শনিবার ঘোষণা করা এক সেনার মৃত্যুও অন্তর্ভুক্ত।
যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ১৩ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারির পর থেকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, অধিকৃত পশ্চিম তীর, ওমান, বাহরাইন এবং সৌদি আরবেও এই সংঘাতের কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে

