৪৮ ঘণ্টা পর ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প

সংগৃহীত ছবি
হরমুজ প্রণালী পুনরায় চালু করার জন্য ‘সময় ফুরিয়ে আসছে’ বলে শনিবার ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘মনে আছে যখন আমি ইরানকে ১০ দিন সময় দিয়েছিলাম চুক্তি করতে বা হরমুজ প্রণালী খুলে দিতে? সময় ফুরিয়ে আসছে—আর ৪৮ ঘণ্টা, এরপর তাদের ওপর নরক নেমে আসবে।’ তিনি আরো লেখেন, ‘সৃষ্টিকর্তার গৌরব হোক!’
ট্রাম্প হুমকি দিয়েছেন, নির্ধারিত সময়সীমা ৬ এপ্রিলের মধ্যে তেহরান যদি এই গুরুত্বপূর্ণ নৌপথ পুনরায় চালু না করে, তবে তিনি ইরানের বিদ্যুৎ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবেন।
গত মাসের শেষ দিকে প্রথমবার এই হুমকি দেওয়ার সময় তিনি বলেছিলেন, ইরানের হাতে মাত্র ৪৮ ঘণ্টা সময় আছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। পরে তিনি সময়সীমা কয়েকদিন বাড়ান এবং আবার তা পিছিয়ে ৬ এপ্রিল নির্ধারণ করেন, কারণ তিনি বলেছিলেন আলোচনা ‘খুব ভালোভাবে এগোচ্ছে।’
বুধবার হোয়াইট হাউসে এক ভাষণে ট্রাম্প জানান, সংঘাত শেষ হলে হরমুজ প্রণালী ‘স্বাভাবিকভাবেই’ খুলে যাবে।
তিনি উল্লেখ করেন, ‘তারা তেল বিক্রি করতে চাইবে, কারণ পুনর্গঠনের জন্য সেটাই তাদের প্রধান উপায়। এতে সরবরাহ আবার শুরু হবে এবং গ্যাসের দাম দ্রুত কমে আসবে।’
এদিকে ইরান শনিবার জানিয়েছে, ‘অত্যাবশ্যকীয় পণ্য’ বহনকারী জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে। তবে ইরান কোন পণ্যকে ‘অত্যাবশ্যকীয়’ হিসেবে বিবেচনা করছে বা তারা যেসব দেশকে শত্রুভাবাপন্ন মনে করে তাদের জাহাজের ওপর অবরোধ বজায় থাকবে কিনা, তা স্পষ্ট নয়।

