বৃষ্টি আপাতত থেমেছে, পূর্বাভাস আরও বৃষ্টির

চট্টগ্রামে গত সোমবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টি আপাতত থেমেছে । আজ বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হয়নি। তবে চট্টগ্রামের আকাশ মেঘলা রয়েছে। মাঝেমধ্যে রোদের ঝিলিকও দেখা দিচ্ছে।
আজ সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৫১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় আরও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানান, শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি ও পাহাড়ধসের সতর্কবার্তা জারি রয়েছে।
এর আগে সোমবার চট্টগ্রামে প্রথম বৃষ্টি হয়। মঙ্গলবার সকাল থেকে ভারী বৃষ্টিপাতে শহরের নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। টানা বৃষ্টিতে সন্ধ্যা পর্যন্ত লোকজনকে দুর্ভোগ পোহাতে হয়। বুধবার পুনরায় বৃষ্টিতে আবার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়। নগরবাসীর ভোগান্তির বিষয়টি নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে যেভাবে চট্টগ্রামকে তুলে ধরা হয়েছে পানিতে ভাসমান শহর হিসেবে, বাস্তবে তেমন নয় পরিস্থিতি
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সমাধানের পথ খুঁজে বের করার অনুরোধ জানান। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে তার বক্তব্যে চট্টগ্রামের জলাবদ্ধতার জন্য চট্টগ্রাম নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।
এদিকে বুধবার রাতে চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতি দেখার জন্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রাম আসেন।
তিনি বলেছেন, কিছু এলাকায় সাময়িক পানি জমলেও পুরো নগরী ডুবে যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে যেভাবে চট্টগ্রামকে তুলে ধরা হয়েছে পানিতে ভাসমান শহর হিসেবে, বাস্তবে তেমন নয় পরিস্থিতি। তিনি দাবি করেন, সন্ধ্যার পর থেকে স্বাভাবিক রয়েছে নগরের অবস্থা।
প্রতিমন্ত্রীর এমন বক্তব্য নতুন করে সমালোচনার জন্ম দেয়। কারণ, বুধবার রাতেও পাঁচলাইশ আবাসিক এলাকা, বাদুরতলা এলাকার কিছু কিছু স্থানে পানি জমে ছিল।



