হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সংগৃহীত ছবি
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে দুই মাদক কারবারিকে। বুধবার রাতে উপজেলার আলীহাট ইউনিয়নের জাংগই (মাঠপাড়া) গ্রাম ও পৌর শহরের মধ্যবাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।
গ্রেপ্তাররা হলেন জাংগই গ্রামের আব্দুল মজিদের ছেলে আমিরুল ইসলাম (৪৪) এবং মধ্যবাসুদেবপুর এলাকার হানিফ মন্ডলের ছেলে রাসেল মন্ডল (২৭)। এ সময় কৌশলে পালিয়ে যান আমিরুল ইসলামের স্ত্রী ও মামলার পলাতক আসামি ফেরদৌসি পারভীন (৩৫)।
বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. ওমর ফারুকের নেতৃত্বে জাংগই গ্রামে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানের সময় আমিরুল ইসলামের বাড়ির সামনে থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরে মধ্যবাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে রাসেল মন্ডলকে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে।
ওসি জাকির হোসেন বলেছেন, গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



