চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

নিহত হাসান রাজু। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীতে একদল অস্ত্রধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন এক যুবক। চোখে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে কাতরাচ্ছে আরেক শিশু।
বৃহস্পতিবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার শহীদ মিনার গলিতে এ ঘটনা ঘটে।
নিহত মো. রাজু (২৪) চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর গ্রামের বাসিন্দা। গুলিবিদ্ধ শিশু রেশমি আক্তার (১১) শহীদ কলোনির রিয়াজ আহমেদের মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত ১০টার পর হঠাৎ মূল রাস্তা থেকে গুলি ছুড়তে ছুড়তে কলোনিতে প্রবেশ করে কয়েকজন৷ এ সময় রাজুকে সামনে পেয়ে তার মাথার বাম পাশে ও বুকে গুলি করে তারা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে রাজু। এসময় দৌড়ে বাসার দিকে যাবার সময় গুলিবিদ্ধ হয় রেশমিও। আবার গুলি ছুড়তে ছুড়তে কলোনি থেকে বেরিয়ে মূল সড়ক চলে যান অস্ত্রধারীরা।
নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আমীরুল ইসলাম বলছেন, ’একদল অস্ত্রধারী কলোনিতে ঢুকে রাজুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে চলে যায়। এ সময় এক শিশুও আহত হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেছি গুলিবিদ্ধ লাশ।’
গুলিতে আহত রাজু ঘটনাস্থলেই মারা যান বলে নিশ্চিত করেছেন তিনি। এলাকার বিরোধের জেরে রাজু টার্গেট কিলিংয়ের শিকার হতে পারেন বলেও করেছেন মন্তব্য।
আহত শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে জানিয়েছেন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।
নিহত রাজু পাঁচদিন আগে শহীদ কলোনিতে বোনের বাসায় বেড়াতে এসেছিলেন বলে জানালেন তার বৃদ্ধা মা, ‘আমাদের সঙ্গে কারো সঙ্গে কোনো ঝগড়া নেই। কারো সঙ্গে কোনো বিরোধ নেই। আমার ছেলেটাকে কেন মেরে ফেলল আমি জানি না।’
আহত রেশমির বড় ভাই মুদি দোকানের কর্মচারি ফয়সাল আহমেদ বলছিলেন, ‘দোকান থেকে গুলির শব্দ শুনতে পাই আমি। এরপর একজন গিয়ে বলেন আমার বোনকে কারা গুলি করেছে৷ দৌঁড়ে এসে তাকে নিয়ে হাসপাতালে এসেছি।’



