গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

সংগৃহীত ছবি
জাতিসংঘের আইন বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানেজকে তাদের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদান করেছে স্পেন। গাজার বিষয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা ‘ব্যাপকভাবে নথিভুক্ত ও প্রকাশ্যে তুলে ধরার কাজের’ স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দিয়েছে স্পেন সরকার।
আলবানেজ একজন ইতালীয় মানবাধিকার আইনজীবী। তিনি ১৯৬৭ সাল থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচক এবং এসব কর্মকাণ্ডকে বর্ণনা করেছেন গণহত্যা হিসেবে।
তিনি নির্যাতন, গণহত্যা এবং অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও শাস্তি দিতে ব্যর্থ হওয়ায় সমালোচনা করেছেন আন্তর্জাতিক সম্প্রদায়েরও।
আলবানেজ তার বক্তব্যের কারণে জার্মানিতে গ্রেপ্তারের আশঙ্কার মুখোমুখি হয়েছেন। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোম্পানি ও ব্যক্তিদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগ তদন্তের আহ্বান জানানোর কারণে মার্কিন সরকারের নিষেধাজ্ঞারও শিকার হয়েছেন।
আজ বৃহস্পতিবার মাদ্রিদে আয়োজিত এক অনুষ্ঠানে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আলবানেজকে ‘অর্ডার অব সিভিল মেরিট’ প্রদান করেন। সানচেজ গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সবচেয়ে উচ্চকণ্ঠ ইউরোপীয় সমালোচকদের একজন।
তিনি বলেছেন, ‘জনসেবামূলক দায়িত্বের সঙ্গে নৈতিক দায়িত্বও আসে, যাতে অন্যদিকে তাকিয়ে না থাকা হয়।’
তিনি আরও বললেন, ‘বিশ্বের বিবেককে ধারণ করে এমন একটি কণ্ঠকে অর্ডার অব সিভিল মেরিট প্রদান করা আমাদের জন্য সম্মানের।’
ইউরোপীয় ইউনিয়নের কাছেও চিঠি লিখে আলবানেজের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ঠেকানোর আহ্বান জানিয়েছেন সানচেজ। তার যুক্তি, এসব নিষেধাজ্ঞা ‘অত্যন্ত উদ্বেগজনক নজির তৈরি করছে, যা আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য অপরিহার্য প্রতিষ্ঠানগুলোর স্বাধীন কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করছে।’



