৪২ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১১ মামলার আসামি

নোয়াখালীর বেগমগঞ্জে ১১ মামলার আসামি আরাফাত হোসেন বাবুকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব। বাবুর বাড়ি চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায়। আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর।
তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে চৌমুহনী বাজারের কলেজ রোড এলাকায় অভিযানে যায় র্যাব। মিতালী বেকারির সামনে সন্দেহজনক গতিবিধির জন্য আটক করা হয় বাবুকে। পরে বাবুর দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যাটারিচালিত মিশুকে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় বিভিন্ন ব্র্যান্ডের ৪২ বোতল বিদেশি মদ। এর পরিমাণ প্রায় ৩২ লিটার। মিশুকটিও জব্দ করা হয়।
র্যাবের এই কর্মকর্তা জানান, বাবু একজন মাদক কারবারি। প্রয়োজনীয় আইনিব্যবস্থা নিতে তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।



