জুমায় যাওয়ার পথে তেল জব্দ করলেন হুইপ

ছবিঃ আগামীর সময়
খুলনায় জুমার নামাজ আদায়ে যাওয়ার পথে সন্দেহজনকভাবে বহন করা জ্বালানি তেল জব্দ করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। শুক্রবার (৩ এপ্রিল) খুলনা নগরীর খালিশপুর এলাকায় তার বাসার কাছেই এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে তিনটি ভ্যানে করে ছয় ড্রাম জ্বালানি তেল বহন করতে দেখে সন্দেহ হয় হুইপের। তিনি ভ্যানগুলো থামিয়ে তেলের মালিকদের কাছে বৈধ কাগজপত্র চান। তবে বহনকারীরা জ্বালানি তেল ক্রয়ের কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।
এ অবস্থায় তিনি তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ড্রামভর্তি জ্বালানি তেল জব্দ করে নিজেদের হেফাজতে নেয়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, জব্দকৃত জ্বালানি তেল বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ডাকা হয়েছে। তিনি তেলের মালিকের কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

