আগামীর সময়

বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ

লক্ষ্মীপুরের এক পরিবারের তিনজনসহ নিহত ৪

লক্ষ্মীপুরের এক পরিবারের তিনজনসহ নিহত ৪

সংগৃহীত ছবি

কুমিল্লায় রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে চলন্ত ট্রেনের ধাক্কায় দুর্ঘটনায় নিহত ১২ জনের মধ্যে লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনসহ মোট চারজন মারা গেছেন। নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন শিশু রয়েছে।

নিহতরা হলেন—লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা গ্রামের লাইজু বেগম (২৬) এবং তার দুই মেয়ে খাদিজা আক্তার (৬) ও ময়িরম আক্তার (৩)। এছাড়া একই ঘটনায় মারা গেছে চর কালকিনি গ্রামের ছায়েদা আক্তার (৯)।

লাইজু বেগমের বোন হাজেরা আক্তার জানান, তার বোনের শ্বশুরবাড়ি ঝিনাইদহে। ঈদ করতে তারা লক্ষ্মীপুরে আসছিলেন। ঢাকায় এসে তার স্বামী তাদের বাসে তুলে দেন। পরে রাত ৩টার দিকে স্টেশনে গিয়ে ফোনে যোগাযোগ করতে না পেরে তারা চিন্তিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে কুমিল্লায় গিয়ে দেখেন, পুরো পরিবারটি মারা গেছে।

অন্যদিকে ছায়েদা আক্তারের মামা মো. শুভ জানান, তার বোনের পরিবার ঈদের ছুটিতে বাড়ি ফিরছিল। পথে এই দুর্ঘটনা ঘটে। এতে ছায়েদা মারা যায়। তার বাবা সিরাজুদ্দৌলা (৫০), মা রাজিয়া বেগম (৩৬) এবং বড় বোন আপনান আক্তার (১৮) গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকায় নেওয়া হয়েছে এবং অবস্থা আশঙ্কাজনক।

ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথই তাদের জন্য শেষ পথ হয়ে গেল। এই ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

    শেয়ার করুন: