আগামীর সময়

জামালপুর

সরকারি নির্দেশনা অমান্য করে আলোকসজ্জায় বিসিক মেলা

সরকারি নির্দেশনা অমান্য করে আলোকসজ্জায় বিসিক মেলা

ছবিঃ আগামীর সময়

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যাংক লেনদেন চলবে বিকাল ৩টা পর্যন্ত এবং দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যা শুক্রবার থেকে কার্যকর হয়েছে।

তবে সরকারি এই নির্দেশনা উপেক্ষা করে জামালপুর পৌর শহরের বাইপাস এলাকায় চলছে বিসিক উদ্যোক্তা মেলা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জামালপুর জেলা কার্যালয়ের আয়োজনে গত বুধবার (১ এপ্রিল) শুরু হওয়া ১০ দিনব্যাপী এই মেলায় দেশের বিভিন্ন জেলার প্রায় ৯০টি স্টল অংশ নিয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ৯টায় সরেজমিনে দেখা গেছে, সন্ধ্যার পরও মেলায় নৌকা রাইড, নাগরদোলা ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজন চালু রয়েছে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও চলতে দেখা যায়, যা দর্শনার্থীদের ভিড় আরও বাড়িয়ে তুলেছে। পুরো মেলা প্রাঙ্গণজুড়ে রঙিন আলোকসজ্জা ও উচ্চ শব্দের সাউন্ড সিস্টেমে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় কয়েকজন দর্শনার্থী জানান, সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও মেলা বন্ধ না হওয়ায় তারা পরিবার নিয়ে ঘুরতে এসেছেন। ছুটির দিন হওয়ায় দর্শনার্থীর সংখ্যা আরও বেশি।

জেলা নাগরিক কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিমের সঙ্গে কথা হয়। জানালেন, জ্বালানি সংকটের কারণে সরকার সময়সূচি ও আলোকসজ্জা বিষয়ে নির্দেশনা দিয়েছে। এ ধরনের নির্দেশনা অমান্য করা উচিত নয় বরং সবাইকে তা মেনে চলা প্রয়োজন।

এ বিষয়ে বিসিক জামালপুরের সহকারী পরিচালক সম্রাট আকবর বলেছেন, মেলা আয়োজনের জন্য জেলা প্রশাসনের অনুমতি রয়েছে। সন্ধ্যার পর মেলা বন্ধের বিষয়ে জেলা প্রশাসনই সিদ্ধান্ত নেবে।’

অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস জানান, সরকারি নির্দেশনা কার্যকরের বিষয়ে তিনি অবগত নন এবং এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন পাননি বলে মন্তব্য করেন। তবে আলোকসজ্জা ও দোকানপাট বন্ধের বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

    শেয়ার করুন: