পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাতাহাতি, ভঙ্গ ১৪৪ ধারা

ছবিঃ আগামীর সময়
লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভেঙে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজসহ আহত হয়েছে অন্তত ৮ জন। রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে ঘটে এ ঘটনা।
একই সময় ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্রদের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে জুলাই ফাইটার্সের ব্যানারে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
এ নিয়ে শহরে ছড়িয়ে পড়ছে আতঙ্ক, ব্যবসায়ীরা বন্ধ করে দিয়েছে দোকানপাট। শহরের চকবাজারসহ আশপাশ এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছে পরিস্থিতি।
পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, শনিবার রাতে লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর শাখার কর্মী হাবিবুর রহমান ফাহিমের সঙ্গে কথা কাটাকাটি হয় জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ান। উভয় পক্ষের দু’জন আহত হয়। এ ঘটনার জেরে রোববার (৫ এপ্রিল) বিকেল ৫ টায় চকবাজার মসজিদের সামনে থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।
অপর দিকে ছাত্রদলের নেতাকর্মীরাও জুলাই ফাইটার্সের ব্যানারে একই সময় প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় ওইস্থানে। দুপক্ষের এমন পাল্টাপাল্টি সমাবেশে রোববার বিকেলে সাড়ে ৪টা থেকে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলেও জানায় প্রশাসন।
হাতাহাতির ঘটনায় ওসি ছাড়া জানা যায়নি আর কারও নাম-পরিচয়।
ঘটনার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। তবে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।
জেলা ছাত্রদলের সভাপতি মো. ইব্রাহীম হোসেন বলেছেন, ‘এখানে কোনো প্রোগ্রাম ছিল না ছাত্রদলের। প্রোগ্রাম ছিল জুলাই ফাইটার্সের। তবে ঘটনার বিষয়ে কোনো বক্তব্য দিতে আগ্রহী নই আমি।’
এ বিষয়ে জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুরের সদস্য সচিব সাহেদুর রহমান রাফিনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভড করেননি ফোন।
ঘটনাটি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি বলেছেন, ‘প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে জারি করা হয়েছে ১৪৪ ধারা। আমরা ঘটনাস্থলে অবস্থান করে দু’পক্ষকে সরিয়ে দিয়েছি দুইদিকে। এ ঘটনায় আমার ওসিসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে আটক নেই কেউ।’



