আগামীর সময়

পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল কন্যা শিশুর মরদেহ

পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল কন্যা শিশুর মরদেহ

কুষ্টিয়ার কুমারখালীতে পুকুর থেকে এক নবজাতকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের খাগড়বাড়িয়া গ্রামের আজিজুর রহমানের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয়রা জানান, মাছ ধরতে গিয়ে স্থানীয়রা পুকুরে একটি বস্তা পান। সেই বস্তা পুকুর পাড়ে তুলে দেখা যায় ভেতরে শিশুর মরদেহ। শিশুটির বাবা, মায়ের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়। শিশুর মরদেহ দেখতে ছুটে আসেন উৎসুক এলাকাবাসী।

‘আজিজুরের পুকুরে কয়েকজন ছেলে হাত দিয়ে মাছ ধরছিল। এ সময় এক ছেলের হাতে একটি ভারী বস্তা আটকে যায়। বস্তায় মাছ আছে ভেবে তুলে নেয়। বস্তার মুখ খুলে দেখা যায় একটি মেয়ে শিশুর মরদেহ। কেউ হয়তো শিশুটিকে বস্তায় ভরে পুকুরে ফেলে গেছেন’, বলছিলেন পান্টি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বাদল।

নবজাতকের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন। তার ভাষ্য, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত শিশুটির পরিচয় জানা যায়নি।

    শেয়ার করুন: